ব্যাংকঋণের বোঝায় বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে চিত্রনায়ক ও শিল্পপতি এম এ জলিল অনন্তের মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলো। ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক কারখানা। এতে কর্মহীন হয়ে পড়েছেন ১০ হাজারের বেশি শ্রমিক। ব্যবসা সচল রাখতে অংশীদার কিংবা কারখানা পরিচালনার জন্য ভাড়াটিয়া খুঁজেও সাড়া পাননি তিনি। এরই মধ্যে এবি অ্যাপারেলস লিমিটেডের কাছে পাওনা ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা আদায়ে অনন্ত জলিল ও তার স্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।
ব্যাংকের আইনি নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করে অনন্ত জলিল জানান, করোনাকালে প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে কাজ না থাকলেও শ্রমিকদের বসিয়ে রেখে বেতন-ভাতা দিয়েছেন। সেই ঋণের সুদসহ বর্তমানে বিপুল অঙ্কের দেনা তৈরি হয়েছে।
ব্যাংকের নোটিশের তথ্য অনুযায়ী, এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণ পুনঃতফসিলের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ২৮ আগস্ট ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার একটি মেয়াদি ঋণ পুনঃতফসিল করে ব্যাংক। পরে ঋণের আংশিক অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ২০২৬ সালের ১৮ অক্টোবর ব্যাংকের অনুকূলে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম এ জলিল অনন্ত।
তবে গত ২ নভেম্বর চেকটি ব্যাংকে জমা দেওয়া হলে সংশ্লিষ্ট হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় তা প্রত্যাখ্যাত হয়। এ ঘটনায় অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে ব্যাংক।
নোটিশে বলা হয়েছে, ঋণ পুনঃতফসিলের শর্ত ভঙ্গ করা হয়েছে। চেকে উল্লেখ করা অর্থ পরিশোধ না করলে অনন্ত জলিল ও খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে পাওনা অর্থ পরিশোধের সময় দেওয়া হয়েছে। অন্যথায় উপযুক্ত আদালতে মামলা করা হবে। এ ক্ষেত্রে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারার বিধানের কথাও উল্লেখ করা হয়েছে।
ব্যাংকের পক্ষে আইনজীবী মো. জাহিদুল ইসলাম বাচ্চু জানান, এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণ পুনঃতফসিলের আবেদন বিবেচনা করে ২০২৪ সালের ২৮ আগস্ট ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার মেয়াদি ঋণ পুনঃতফসিল করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে পুনঃতফসিলের শর্ত ভঙ্গ করা হয়েছে বলে আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে।
একসময় তৈরি পোশাকশিল্পে ছোট পরিসরে ব্যবসা শুরু করে গত আড়াই দশকে একের পর এক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেন অনন্ত জলিল। এজেআই গ্রুপ প্রতিষ্ঠার মাধ্যমে দেশের তৈরি পোশাকশিল্পে পরিচিতি পান তিনি। ২০১০ সালে চলচ্চিত্রে যুক্ত হওয়ার পর অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষাকে বিয়ে করেন। পরে স্ত্রী বর্ষাকে ব্যবস্থাপনা পরিচালক করে গড়ে তোলেন এবি অ্যাপারেলস লিমিটেড।
তবে নানা সংকটে ধীরে ধীরে তার একাধিক শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হতে থাকে। বিপুল অঙ্কের ঋণের বোঝায় আর্থিক চাপ বাড়তে থাকে। এতে অর্থায়নকারী ব্যাংকগুলোর মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। অন্যান্য ব্যাংকের বিনিয়োগ করা অর্থ ফেরত পাওয়া নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
অনন্ত জলিলের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, ব্যবসা সচল রাখতে তিনি বিভিন্নভাবে চেষ্টা করেছেন। কিন্তু কোনো বিনিয়োগকারী বা অংশীদার পাননি। এমনকি একাধিক চীনা ব্যবসায়ী ও উদ্যোক্তার সঙ্গে আলোচনা করেও আশানুরূপ সাড়া মেলেনি।
এর মধ্যে গ্যাস বিল বকেয়া ও গ্যাস চুরির অভিযোগে এজেআই গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। গ্যাস সংযোগ বিচ্ছিন্নের বিষয়ে এবি অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান এম এ জলিল অনন্ত বলেন, ব্যাংকের সহযোগিতা ছাড়া এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো কঠিন।
চলচ্চিত্রে সময় দেওয়ার কারণেই ব্যবসায়িক সাম্রাজ্যে ধস নেমেছে কি না, এমন প্রশ্নের সরাসরি জবাব দেননি অনন্ত জলিল। তিনি বলেন, করোনা মহামারি, ইউক্রেন যুদ্ধসহ নানা পরিস্থিতির কারণে তিনি এমন অবস্থায় এসে দাঁড়িয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকের পাওনা পরিশোধ করতে না পারলে প্রথমে চেক ডিজঅনার মামলা এবং পরে অর্থঋণ আদালতে মামলা করতে পারে ব্যাংক।
সব মিলিয়ে একসময় চলচ্চিত্র ও তৈরি পোশাকশিল্পে আলোচিত এই ব্যবসায়ীর প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিপুল অঙ্কের ঋণ, চেক প্রত্যাখ্যান, কারখানা বন্ধ এবং শ্রমিকদের কর্মহীন হয়ে পড়ার ঘটনায় প্রশ্ন উঠেছে—কীভাবে এই সংকট কাটিয়ে ব্যবসায় ফিরবেন অনন্ত জলিল?





