দলীয় চেয়ারম্যানের কর বিতর্ক তদন্তের নির্দেশ দিলেন ঋষি সুনাক

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার নিরপেক্ষ নৈতিকতা বিষয়ক উপদেষ্টাকে ক্ষমতাসীন রক্ষণশীল দলের চেয়ারম্যান নাদিম জাহাবির কর সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে বলেছেন। সুনাক বলেছেন, ‌”এ বিষয়টি নিয়ে এমন সব প্রশ্ন রয়েছে যেগুলোর জবাব প্রয়োজন”।

জাহাবি অর্থমন্ত্রী থাকার সময় অপরিশোধিত করের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরিমানা দিয়েছেন এ তথ্য প্রকাশের পরে তার পদত্যাগের দাবি উঠেছে। নাদিম জাহাবি বেশ কয়েক লাখ পাউন্ডের ওই বিরোধের বিষয়টিকে ‌বর্ণনা করেছেন “খামখেয়ালিজনিত ত্রুটি যা অনিচ্ছাকৃত” বলে।

নর্দ্যাম্পটনশায়ারের একটি হাসপাতালে পরিদর্শনে গিয়ে ঋষি সুনাক সাংবাদিকদের বলেন, “সততা এবং জবাবদিহিতা আমার কাছে সত্যিই গুরুত্বপূর্ণ। স্পষ্টতই এ ক্ষেত্রে এমন সব প্রশ্ন রয়েছে যার জবাব প্রয়োজন।”

সুনাক বলেন, ‌‌”এ কারণেই আমি আমাদের নিরপেক্ষ উপদেষ্টাকে সবকিছুর গভীরে গিয়ে পূর্ণ তদন্ত করে সব তথ্য বের করতে এবং নাদিম জাহাবির মন্ত্রীর আচরণিবিধি মেনে চলার বিষয়ে আমাকে পরামর্শ দিতে বলেছি।”
ব্রিটিশ প্রধানমন্ত্রী যোগ করেন, জাহাবি তদন্ত চলার সময় রক্ষণশীল দলের চেয়ারম্যান পদে বহাল থাকবেন এবং তিনি “সম্পূর্ণভাবে সহযোগিতা” করতে সম্মত হয়েছেন।