ভারতের ধনকুবেরদের তালিকায় মুকেশ আম্বানি, গৌতম আদানি ও শিব নাদারের নাম প্রায়ই আলোচনায় আসে। তবে দেশটির শীর্ষ ধনীদের তালিকায় পুরুষদের পাশাপাশি নিজের অবস্থান তৈরি করেছেন একজন নারীও। তিনি সাবিত্রী জিন্দাল। ২০২৬ সালের ফোর্বসের ভারতের শীর্ষ ১০০ ধনীর তালিকায় ৩৯ দশমিক ৮ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন তিনি। একই সঙ্গে তিনি ভারতের সবচেয়ে ধনী নারী।
ইস্পাত, বিদ্যুৎ, সিমেন্ট, খনি ও অবকাঠামো খাতে বিস্তৃত জিন্দাল পরিবারের ব্যবসায়িক সাম্রাজ্যের অন্যতম প্রধান মুখ সাবিত্রী। তার স্বামী ওম প্রকাশ জিন্দালের গড়ে তোলা শিল্পগোষ্ঠীর উত্তরাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি। একসময় সংসার সামলানো এই নারী স্বামীর মৃত্যুর পর যুক্ত হন বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের সঙ্গে।
ফোর্বসের ৩০ সেপ্টেম্বর প্রকাশিত ভারতের ১০০ ধনী ব্যক্তির তালিকা অনুযায়ী, সাবিত্রী জিন্দাল ও তার পরিবারের সম্পদের পরিমাণ ৩৯ দশমিক ৮ বিলিয়ন ডলার। তালিকায় তার ওপরে রয়েছেন গৌতম আদানি ও মুকেশ আম্বানি। অন্যদিকে ১০ নভেম্বর ফোর্বসের রিয়েল টাইম হিসাব অনুযায়ী, সাবিত্রী জিন্দাল ও তার পরিবারের সম্পদ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪০ দশমিক ৮ বিলিয়ন ডলারে। শেয়ারবাজারের ওঠানামার কারণে এ সম্পদের পরিমাণ নিয়মিত পরিবর্তিত হয়।
কে এই সাবিত্রী জিন্দাল?
সাবিত্রী জিন্দালের জন্ম ১৯৫০ সালের ২০ মার্চ। ভারতের হরিয়ানা রাজ্যের হিসার এলাকার এই শিল্পোদ্যোক্তা ওপি জিন্দাল গ্রুপের প্রতিষ্ঠাতা ওম প্রকাশ জিন্দালের স্ত্রী। বর্তমানে তার বয়স ৭৬ বছর। স্বামীর হাত ধরেই জিন্দাল পরিবারের ব্যবসায়িক সাম্রাজ্যের সঙ্গে যুক্ত হন তিনি। তবে দীর্ঘদিন ব্যবসার সরাসরি পরিচালনায় ছিলেন না। সংসার ও সন্তানদের দেখাশোনাই ছিল তার প্রধান দায়িত্ব।
২০০৫ সালে এক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান ওম প্রকাশ জিন্দাল। তার মৃত্যুর পর পরিবারের ব্যবসায়িক সাম্রাজ্যের দায়িত্ব ও উত্তরাধিকার নতুনভাবে বণ্টন করা হয়। চার ছেলে পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্ব নেন। অন্যদিকে পরিবারের অভিভাবক হিসেবে সাবিত্রী জিন্দাল হয়ে ওঠেন শিল্পগোষ্ঠীর গুরুত্বপূর্ণ মুখ।
যেভাবে গড়ে ওঠে জিন্দাল পরিবারের ব্যবসায়িক সাম্রাজ্য
সাবিত্রী জিন্দালের সম্পদের বড় অংশের উৎস ওপি জিন্দাল গ্রুপ। ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠীটির ব্যবসা বিস্তৃত ইস্পাত, বিদ্যুৎ, সিমেন্ট, খনি ও অবকাঠামো খাতে।
১৯৫২ সালে বালতি তৈরির ব্যবসা দিয়ে যাত্রা শুরু করেন ওম প্রকাশ জিন্দাল। পরবর্তী সময়ে ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে ১৯৬৪ সালে জিন্দাল ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি পাইপ উৎপাদনের মাধ্যমে শিল্প খাতে নিজেদের অবস্থান তৈরি করে। ধীরে ধীরে ইস্পাত উৎপাদন থেকে বিদ্যুৎ ও অবকাঠামো খাতেও বিনিয়োগ বাড়ান তিনি।
বর্তমানে জিন্দাল পরিবারের ব্যবসায়িক সাম্রাজ্যের সঙ্গে যুক্ত রয়েছে জেএসডব্লিউ স্টিল, জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার, জিন্দাল স্টেইনলেসসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে পরিবারের সম্পদের হিসাব সরাসরি সম্পর্কিত। ফলে শেয়ারবাজারে প্রতিষ্ঠানগুলোর মূল্য বাড়লে পরিবারের সম্পদও বাড়ে। আবার শেয়ারের দর কমলে সম্পদের পরিমাণ কমে যেতে পারে।
গৃহিণী থেকে ব্যবসায়িক সাম্রাজ্যের অভিভাবক
সাবিত্রী জিন্দালের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসে স্বামীর মৃত্যুর পর। দীর্ঘদিন তিনি ছিলেন গৃহিণী। স্বামী যখন ইস্পাত ও বিদ্যুৎ খাতে বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলছিলেন, তখন তিনি সামলাতেন সংসার ও সন্তানদের।
২০১০ সালে ফোর্বসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবিত্রী জানিয়েছিলেন, তাদের পরিবারে নারীরা সাধারণত ঘরের দায়িত্ব পালন করতেন। বাইরের কাজকর্মে তাদের অংশগ্রহণ ছিল না। এমনকি স্বামীর জীবদ্দশায় তিনি কখনো বাজারেও যাননি।
কিন্তু স্বামীর মৃত্যুর পর ৫৫ বছর বয়সে তাকে যুক্ত হতে হয় হাজার হাজার কোটি টাকার ব্যবসায়িক সাম্রাজ্যের সঙ্গে। পরিবারের ব্যবসায়িক উত্তরাধিকার রক্ষা এবং সন্তানদের মধ্যে দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।
ওম প্রকাশ জিন্দালের চার ছেলে পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব নেন। সাজ্জন জিন্দাল পরিচালনা করেন জেএসডব্লিউ গ্রুপের গুরুত্বপূর্ণ ব্যবসা। নবীন জিন্দাল যুক্ত রয়েছেন জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ারের সঙ্গে। রতন জিন্দাল পরিচালনা করেন জিন্দাল স্টেইনলেস। আর পৃথ্বীরাজ জিন্দাল যুক্ত রয়েছেন জিন্দাল স গ্রুপের ব্যবসার সঙ্গে।
চার ছেলে নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচালনায় যুক্ত থাকলেও সাবিত্রী জিন্দাল পরিবারের অভিভাবক হিসেবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন।
ব্যবসার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয়
ব্যবসার বাইরেও রাজনীতিতে সক্রিয় ভূমিকা রয়েছে সাবিত্রী জিন্দালের। হরিয়ানার হিসার বিধানসভা কেন্দ্র থেকে একাধিকবার নির্বাচিত হয়েছেন তিনি। কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে রাজ্য সরকারের মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।
২০২৪ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনকে ঘিরে তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। ওই বছর বিজেপিতে যোগ দেন সাবিত্রী। তবে হিসার আসনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন তিনি।
৭৪ বছর বয়সে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন সাবিত্রী জিন্দাল। নির্বাচনে তিনি ৪৯ হাজার ২৩১ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের রামনিবাস রানার প্রাপ্ত ভোট ছিল ৩০ হাজার ২৯০।
বিশ্বের ধনী নারীদের তালিকাতেও অবস্থান
ভারতের পাশাপাশি বিশ্বের ধনী নারীদের তালিকাতেও উল্লেখযোগ্য অবস্থানে রয়েছেন সাবিত্রী জিন্দাল। ফোর্বসের ২০২৬ সালের বিশ্বের ধনী নারীদের একটি তালিকায় প্রায় ৩৯ দশমিক ১ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে সপ্তম স্থানে ছিলেন তিনি।
তালিকায় তার ওপরে রয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়ালমার্ট পরিবারের অ্যালিস ওয়ালটন, ফ্রান্সের লরিয়াল পরিবারের ফ্রাঁসোয়াজ বেতাঁকুর মেয়ার্সসহ আরও কয়েকজন ধনকুবের নারী। ভারতের নারীদের মধ্যে তিনিই শীর্ষে।
কেন আলোচনায় সাবিত্রী জিন্দাল?
ভারতের শিল্প ও ব্যবসা খাতে নারীদের অংশগ্রহণের প্রসঙ্গ এলেই সাবিত্রী জিন্দালের নাম বিশেষভাবে আলোচিত হয়। তার সম্পদের বড় অংশ পারিবারিক ব্যবসার সঙ্গে সম্পর্কিত হলেও স্বামীর মৃত্যুর পর ব্যবসায়িক উত্তরাধিকার ধরে রাখা এবং পরিবারের শিল্পপ্রতিষ্ঠানগুলোর ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে তার ভূমিকা গুরুত্বপূর্ণ।
ইস্পাত, বিদ্যুৎ ও অবকাঠামোর মতো বৃহৎ শিল্প খাতে ব্যবসা পরিচালনায় প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বিপুল বিনিয়োগ এবং বাজার পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলা। জিন্দাল পরিবারের ব্যবসায়িক সাম্রাজ্য এসব খাতে নিজেদের অবস্থান ধরে রেখেছে।
একসময় যিনি সংসার সামলাতেন, তিনিই এখন ভারতের শীর্ষ ধনীদের একজন এবং দেশটির সবচেয়ে ধনী নারী। সাবিত্রী জিন্দালের জীবন তাই শুধু বিপুল সম্পদের মালিক হওয়ার গল্প নয়, বরং পারিবারিক ব্যবসার উত্তরাধিকার ও নেতৃত্বের পরিবর্তনেরও এক উল্লেখযোগ্য উদাহরণ।
তথ্যসূত্র: ফোর্বস





