নব্বইয়ের দশকের সেই চেনা গিটারের সুর, মরুভূমির তপ্ত বালুর বুকে হেঁটে চলা এক যাযাবর আর তার কণ্ঠে কালজয়ী সেই সুরÑ ‘ও সানাম, মোহাব্বত কি কসম…’। দশকের পর দশক পেরিয়ে গেলেও যার কণ্ঠের জাদু একটুও মলিন হয়নি, সেই ইন্ডি-পপ ও বলিউডের জীবন্ত কিংবদন্তি লাকি আলী আবারও আসছেন বাংলাদেশে। দীর্ঘ তিন বছর পর বাংলাদেশের শ্রোতাদের স্মৃতির সরণি বেয়ে অতীতে ফিরিয়ে নিয়ে যেতে এবং এক মায়াবী সুরের সন্ধ্যা উপহার দিতে পা রাখছেন তিনি।
তবে এবারের আগমনটি বেশ বিশেষ। কারণ, এবার শুধু ঢাকা নয়, বন্দরনগরী চট্টগ্রামের শ্রোতারাও সরাসরি লাকি আলীর কণ্ঠে বুঁদ হওয়ার সুযোগ পাচ্ছেন। ‘লাকি আলী বাংলাদেশ ট্যুর’ শিরোনামের এই রাজকীয় সফরের আয়োজন করছে ইকিউব এন্টারটেইনমেন্ট।
আয়োজকরা জানিয়েছেন, আগামী ১২ নভেম্বর চট্টগ্রামের র্যাডিসন ব্লু বে ভিউ এবং ১৩ নভেম্বর ঢাকার মাদানি অ্যাভিনিউয়ের শেফ’স টেবিল কোর্টসাইডে গাইবেন লাকি আলী। ঢাকা ও চট্টগ্রামের দুই জায়গাতেই লাকি আলীর সঙ্গে মঞ্চ শেয়ার করবে বাংলাদেশের একাধিক ব্যান্ড। আয়োজক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ঢাকার কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। তিনটি ভিন্ন ক্যাটাগরিতে দাম নির্ধারণ করা হয়েছে।
সাম্প্রতিক কিছু বিদেশি শিল্পীদের কনসার্ট স্থগিত হওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সংশয় দেখা দিলেও আয়োজকরা আশ্বস্ত করেছেন যে, সংশ্লিষ্ট প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় সবুজ সংকেত পাওয়ার পরই টিকিট বিক্রি শুরু করা হয়েছে এবং দর্শকদের একটি স্মরণীয় রাত উপহার দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হচ্ছে।
এর আগে ২০২৩ সালে বাংলাদেশে এসে একক কনসার্টে ঢাকার শ্রোতাদের মাতিয়েছিলেন লাকি আলী। নব্বইয়ের দশকের ইন্ডি-পপ ধারায় স্বতন্ত্র গায়কির জন্য পরিচিত লাকি আলী ১৯৯৬ সালে ‘সুনো’ অ্যালবামের ‘ও সানাম’ গান দিয়ে বিপুল জনপ্রিয়তা পান। পরে বলিউডের প্লেব্যাকেও সাফল্য পান।
‘এক পল কা জিনা’, ‘না তুম জানো না হাম’, ‘আ ভি জা’ কিংবা ‘সফরনামা’র মতো বহু গান জনপ্রিয় হয়েছে। এই শিল্পীর কণ্ঠে ২০১৫ সালের পর বলিউডের বাণিজ্যিক প্লেব্যাক থেকে সরে এসে স্বাধীন সংগীতেই নিয়মিত পারফর্ম করছেন লাকি আলী।





