ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ও শেষ টেস্টেও চাপে রয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। ওয়েলিংটনে ইংল্যান্ডের ৪৩৫ রানের জবাবে ৭ উইকেটে ১৩৮ রানে দ্বিতীয় দিন শেষ করেছে কিউইরা।
ব্যাট করতে নেমেই টেস্টের এক নম্বর বোলার জেমস অ্যান্ডারসনের বোলিং তোপে ২১ রানে তিন উইকেট হারায় নিউজিল্যান্ড। সাজঘরে ফেরেন ডেভন কনওয়ে (০), কেন উইলিয়ামসন (৪) ও উইল ইয়াং (২)। সকলেই অ্যান্ডারসনের শিকার। টম ল্যাথাম ও হেনরি নিকোলস কিছুটা প্রতিরোধ গড়ার পর বিধ্বংসী রূপে দেখা দেন ইংলিশ স্পিনার জ্যাক লিচ।
অ্যান্ডারসনের মতো লিচও আউট করেন তিন ব্যাটারকে। সাজঘরে ফেরেন ল্যাথাম (৩৫), নিকোলস (৩০) ও ড্যারিল মিচেল (১৩)। মাইকেল ব্রেসওয়েলকে (৬) কট অ্যান্ড বোল্ড করেন ব্রড। ফলে ১০৩ রানেই ৭ উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর টম ব্লান্ডেল ও টিম সাউদির ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটির কল্যাণে ৭ উইকেটে ১৩৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে কিউইরা।
এর আগে, হ্যারি ব্রুকের ১৮৬ ও জো রুটের অপরাজিত ১৫৩ রানের সুবাদে ৮ উইকেটে ৪৩৫ রানের স্কোর পায় ইংল্যান্ড। সিরিজ বাঁচাতে হলে এই টেস্টে জয়ের বিকল্প নেই নিউজিল্যান্ডের।





