ভারতের ছত্তিশগড়ের রায়পুরে কংগ্রেসের প্লেনারি অধিবেশনের দ্বিতীয় দিনে অবসরের বার্তা দিলেন সোনিয়া গান্ধী। শনিবার দলের সাবেক সভানেত্রী বললেন, ‘যা আমাকে সবচেয়ে বেশি তৃপ্ত করে, তা হলো আমার যাত্রা ভারত জোড়ো যাত্রার মাধ্যমেই শেষ হতে পারে।’
রায়পুর অধিবেশনে হাজির হওয়া সর্বভারতীয় কংগ্রেস কমিটি এআইসিসির ১৫ হাজার প্রতিনিধির সামনে বক্তৃতায় সোনিয়া তার ছেলে রাহুলের কন্যাকুমারী থেকে কাশ্মীর পদযাত্রার প্রশংসা করেন। তিনি বলেন, ‘ভারত জোড়ো যাত্রা দলের কাছে একটি গুরুত্বপূর্ণ মোড়। এই যাত্রা প্রমাণ করেছে, ভারতের জনগণ সম্প্রীতি, সহনশীলতা এবং সাম্য চায়।’এ ছাড়া বিজেপিকে লক্ষ্য করে তিনি বলেন, ‘সংখ্যালঘু, দলিত, আদিবাসী, নারীদের বিরুদ্ধে বিজেপি ঘৃণার আগুন ছড়াচ্ছে।’
রায়পুরে কংগ্রেসের প্লেনারি অধিবেশনের দ্বিতীয় দিনে জাতীয় স্তরে সমমনস্ক দলগুলোকে নিয়ে জোট গঠনের বিষয়ে আলোচনা হয়।
প্রসঙ্গত শুক্রবার অধিবেশনের প্রথম দিনে দলের সর্বোচ্চ স্তর— কংগ্রেস ওয়ার্কিং কমিটির অর্ধেক পদ দলিত, ওবিসি, আদিবাসী, সংখ্যালঘু, নারী ও তরুণ প্রজন্মের জন্য সংরক্ষিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন সভাপতি মল্লিকার্জুন খারগেসহ কংগ্রেস শীর্ষনেতৃত্ব। ফলে এই অধিবেশনে ওয়ার্কিং কমিটির সদস্যপদের জন্য ভোটাভুটির সম্ভাবনা রইল না বলেই দলের ভেতরের খবর।





