ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক ছাত্রীকে নির্যাতনের ঘটনায় ৫ ছাত্রীকে বহিষ্কার এবং সংশ্লিষ্ট হলের প্রভোস্টকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (১ মার্চ) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
এ ছাড়া ভুক্তভোগী ছাত্রী ফুলপরীকে আগামী তিন দিনের মধ্যে হলে পছন্দমতো সিট বরাদ্দ দেওয়ার পাশাপাশি তার নিরাপত্তা এবং সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেন আদালত।
বহিষ্কার হওয়া ছাত্রীরা হলেন সানজিদা চৌধুরী অন্তরা, হালিমা আক্তার ঊর্মি, ইসরাত জাহান মিম, তাবাসসুম ইসলাম ও মুয়াবিয়া জাহান।
এর আগে, গত ১২ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরীর নেতৃত্বে দেশরত্ন শেখ হাসিনা হলে ফুলপরীকে প্রায় ৫ ঘণ্টা আটকে রেখে নির্যাতন করা হয়। এ সময় তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয়।
পরে এ ঘটনায় রিট হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। তদন্ত প্রতিবেদনে ফুলপরীকে নির্যাতনের সত্যতা পাওয়া যায়।





