যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির মধ্যেই চীন সফরে যাচ্ছেন বেলারুশের প্রেসিডেন্ট

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে চীনকে কড়া হুঁশিয়ারি দিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু সেই হুঁশিয়ারির মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার লুকাশেঙ্কো চীন সফরে যাচ্ছেন। চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের আমন্ত্রণে লুকাশেঙ্কো এই সফরে যাচ্ছেন বলে জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।

সিএনএনের প্রতিবেদনে বলা হযেছে, তিন দিনের সফরে যাচ্ছেন বেলারুশের প্রেসিডেন্ট। তিন দিনের সফরে চীনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। রাশিয়াকে অস্ত্র-গোলাবারুদ সরবরাহ করলে তা চীনের জন্য ‘মারাত্মক পরিণতি’ বয়ে আনবে বলে হুঁশিয়ারও করেন মার্কিন পররাষ্টমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আবার ২৭ ফেব্রুয়ারি হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালেভান ফের চীনকে হুঁশিয়ার করে বলেন, রাশিয়াকে অস্ত্র দিলে চীনকে বাস্তবিক মূল্য দিতে হবে। বিষয়টি নিয়ে সম্প্রতি কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বেড়েছে। তার মধ্যেই বেলারুশের প্রেসিডেন্ট চীন সফরে যাচ্ছেন।

চীন এ পর্যন্ত রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের নিন্দা জানায়নি। অতিসম্প্রতি গত শনিবার ভারতে জি-২০ সম্মেলনের যৌথ বিবৃতিতে রাশিয়ার আগ্রাসনের নিন্দারও বিরোধিতা করেছে চীন।