গত মাসে একটি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় ক্যান্সারাক্রান্ত টিস্যু অপসারণ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস থেকে এমন তথ্য জানানো হয়েছে। বর্তমানে তাঁর আর চিকিৎসার প্রয়োজন নেই বলে জানিয়েছেন বাইডেনের চিকিৎসক। তবে তাঁর চলমান স্বাস্থ্যসেবার অংশ হিসেবে নিয়মিত ত্বকের পরীক্ষা চালিয়ে যেতে হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন (৮০) গত ফেব্রুয়ারি মাসে একটি শারীরিক পরীক্ষা করিয়েছিলেন। এরপর হোয়াইট হাউস বলেছিল, তিনি সম্পূর্ণ সুস্থ এবং তিনি দায়িত্ব পালনের জন্য উপযুক্ত।বাইডেনের চিকিৎসক কেভিন গতকাল শুক্রবার গণমাধ্যমে দেওয়া একটি বার্তায় জানান, গত ১৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসির বাইরে, ‘ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টার’-এ বাইডেনের বুক থেকে ক্ষতিগ্রস্ত টিস্যু সরানো হয়েছিল। তাঁর আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই।
তিনি বলেন, বায়োপসি করার পর এটি সুন্দরভাবে সরানো হয়েছে।
বার্তায় আরো বলা হয়েছে, যে ধরনের ক্যান্সার পাওয়া গেছে সেটা আসলে শরীরে ছড়িয়ে পড়ে না বা মেটাস্টেসিস হয় না। এই ধরনের ত্বকের ক্যান্সারের নাম, ‘বেসাল সেল কার্সিনোমা’। বাইডেন প্রেসিডেন্ট হওয়ার আগে অতীতে বেশ কয়েকটি ‘নন-মেলানোমা স্কিন ক্যান্সার’ শরীর থেকে অপসারণ করিয়েছিলেন। তাঁর চিকিৎসক জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত টিস্যু কেটে ফেলা হয়েছে এবং এই ধরনের ত্বকের ক্যান্সারের জন্য সন্দেহজনক কোনো স্থান নেই। এটি যেকোনো জায়গায় হতে পারে।
বাইডেনের পরিবার অনেক বছর আগে থেকেই ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে। বাইডেনের প্রাপ্তবয়স্ক ছেলে বিউ ২০১৫ সালে মস্তিষ্কের ক্যান্সারে মারা যান।
ত্বকের ক্যান্সার প্রতিরোধ করতে ত্বক ঢেকে রাখতে হবে এবং সব সময়, এমনকি শীতকালেও সানস্ক্রিন লোশন ব্যবহার করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।





