সাড়ে ৩ বছর পর কোহলির টেস্ট সেঞ্চুরি

২০১৯ সালের নভেম্বরে কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে টেস্ট ক্যারিয়ারের ২৭তম শতক হাঁকিয়েছিলেন বিরাট কোহলি। প্রায় সাড়ে তিন বছর পর টেস্টে ফের তিন অঙ্কের ঘরে পৌঁছলেন এই ভারতীয় ব্যাটার। অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে টেস্টে নিজের ২৮তম সেঞ্চুরি পূরণ করলেন তিনি।

সবমিলিয়ে এটি কোহলির ৭৫তম শতক। ২৫৫ বলে ১১০ রানে ব্যাট করছেন তিনি। তাঁর ব্যাটে চড়েই অস্ট্রেলিয়ার ৪৮০ রানের জবাবটা ভালোই দিচ্ছে ভারত। প্রতিবেদন লেখার সময় ভারতের স্কোর ৫ উইকেটে ৪১৬ রান। কোহলির সঙ্গে ক্রিজে আছেন অক্ষর প্যাটেল (১১)। আজ টেস্টের চতুর্থ দিন চলছে। এই মুহূর্তে অজিদের চেয়ে ৬৪ রানের পিছিয়ে আছে ভারত, হাতে আছে আরো ৫টি উইকেট।

টেস্টে ২৮টির পাশাপাশি ওয়ানডেতে কোহলির শতকের সংখ্যা ৪৬টি। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিও এই সাবেক অধিনায়কের রয়েছে একটি সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যায় কোহলির চেয়ে এগিয়ে আছেন কেবল শচীন টেন্ডুলকার। তিন ফরমেটে শচীনের রয়েছে ১০০টি শতক। তাঁর ১০০ সেঞ্চুরির ৫১টি টেস্টে আর ৪৯টি ওয়ানডেতে। টি-টোয়েন্টিতে কোনো সেঞ্চুরি নেই শচীনের।