মাদাগাস্কারে নৌকাডুবিতে ২২ জন নিহত

মাদাগাস্কার উপকূলে নৌকা ডুবে ২২ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

রবিবার এক বিবৃতিতে মাদাগাস্কারের সমুদ্র ও নদী বন্দর সংস্থা জানায়, মাদাগাস্কার থেকে ফরাসি দ্বীপ মায়োতে ​​যাওয়ার চেষ্টার সময় ওই নৌকাটি ডুবে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে। নৌকাটিতে মোট ৪৭ জন যাত্রী ছিলেন। শনিবার নৌকাটি মাদাগাস্কারের আনকাজোমবোরোনার উপকূলীয় সাগরে ডুবে যায়।

সংস্থাটি জানিয়েছে, নৌকাটি দুর্ঘটনার শিকার হয়েছিল। যাত্রীদের মধ্যে ২৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এবং ২২ জনের মৃতদেহ পাওয়া গিয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন দুইজন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, যাদের উদ্ধার করা হয়েছে তারা সবাই পালিয়ে গেছেন, অবৈধভাবে মাইয়োটে যাওয়ার চেষ্টা করায় তাদের গ্রেপ্তার করা হতে পারে বলে শঙ্কিত ছিলেন তারা।