তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান কয়েক মাসের কূটনৈতিক চাপের অবসান ঘটিয়ে শুক্রবার সংসদে ফিনল্যান্ডের ন্যাটোতে দ্রুত অন্তর্ভুক্তির সুযোগ করে দেয়ার ঘোষণা দিয়েছেন। এর পরপরই হাঙ্গেরি ফিনল্যান্ডের ন্যাটোভুক্তির সমর্থনে ২৭ মার্চ প্রস্তাবের অনুসমর্থনে ভোটের ঘোষণা দিয়েছে। এর ফলে কয়েক মাসের মধ্যেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াবে ৩১টিতে।
ন্যাটোর এই সম্প্রসারণে রাশিয়ার সঙ্গে ন্যাটো ব্লকের সীমান্ত বৃদ্ধি পাবে ১.৩৪০ কিলোমিটার (৮৩০ মাইল)। প্রাথমিকভাবে ফিনল্যান্ডের সাথে সুইডেনও ন্যাটোতে যোগদানের আগ্রহ প্রকাশ করে। সুইডেন শেষ পর্যন্ত তুরস্কের সঙ্গে বিরোধে জড়িয়ে জুলাইয়ে জোটের শীর্ষ সম্মেলনের আগে ব্লকে যোগদানের সুযোগ নষ্ট করেছে।রাশিয়ার ইউক্রেন আক্রমনের পরিপ্রেক্ষিতে হেলসিঙ্কি এবং স্টকহোম কয়েক দশকের সামরিক নন-এলাইনমেন্টের অবসান ঘটিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা জোট ন্যাটোতে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে। গত জুনে ন্যাটো সম্মেলনে তাদের আবেদন গৃহীত হয়। এতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের জন্য সবচেয়ে ভয়ংকর সংঘাতের আশঙ্কায় রাশিয়ার বিরুদ্ধে দাঁড়াতে দেশ দুটিকে ন্যাটোতে অন্তর্ভুক্তির ইঙ্গিত দেয়া হয়। অবশ্য এই আবেদন এখনও জোটের ৩০টি সদস্য দেশের পার্লামেন্টে অনুমোদিত হতে হবে। তুরস্ক ও হাঙ্গেরির জন্য এই প্রক্রিয়া কয়েকবার পিছিয়ে গিয়েছিল।
এরদোয়ান ফিনিশ প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোকে বলেছেন, হেলসিঙ্কি আঙ্কারার নিরাপত্তা উদ্বেগ মোকাবেলার দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছে। সংসদে আলোচনার পর এরদোয়ান সাংবাদিকদের বলেন, ‘আমরা আমাদের ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদানের প্রোটোকল শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।’
এরদোয়ান বলেন, তিনি ‘আশা করেন’ মে মাসে তুরস্কের গুরুত্বপূর্ণ সাধারণ নির্বাচনের আগে পার্লামেন্ট আবেদনটি অনুমোদন করবে।





