ক্যামিও ইনিংস খেলতে চান অনিক

ওয়ানডের পর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। বুধবার টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। ১৪ জনের দলে রয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিক। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে উচ্ছ্বসিত সিলেটের এই তরুণ।

বাংলাদেশের স্কোয়াডে জায়গা পেয়ে অনিক বলেন, ‘অনেক ভালো লাগছে। প্রতিটা ক্রিকেটারেরই স্বপ্ন থাকে জাতীয় দলের হয়ে খেলার। অনেক দিন ধরে চেষ্টা করছিলাম, নিজেকে তাগিদ দিচ্ছিলাম বড় পারফরম্যান্স করার। সুযোগ এসেছে, ইনশাআল্লাহ চেষ্টা করব ভালো কিছু করার।’ 

ফরম্যাটটা টি-টোয়েন্টি, তাই অনিকের লক্ষ্য ক্যামিও ইনিংস খেলার। সর্বশেষ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে অনিক বেশ কিছু ক্যামিও ইনিংস খেলেছেন। তিনি বলেন, ‘আমাকে প্রমাণ করার জন্যই ওখানে ডাকা হয়েছে। আমি চেষ্টা করব। যেহেতু টি-টোয়েন্টিতে ডাকা হয়েছে, বিপিএলে আমি যে ধরনের দায়িত্ব পালন করেছিলাম, চেষ্টা করব ওই ধরনের ক্যামিও ইনিংসগুলো খেলার।’

তরুণ এই উইকেটরক্ষক-ব্যাটার বলেন, ‘আমি বিপিএলে এ রকম জায়গায় (শেষ দিকের ওভারে) ব্যাটিং করেছিলাম। তখন আমার ও রকম পরিকল্পনা নিয়ে অনুশীলনের অভিজ্ঞতা আছে। আমি ঘরোয়াতেও আবাহনীর যে অনুশীলন, ওখানেও আমি স্লগের কিছু অনুশীলন করে নিয়েছি। তো এগুলো আমার ব্যক্তিগত কিছু প্রস্তুতি আছে। এ রকমভাবেই নিজেকে আমি প্রস্তুত করেছি।’

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে খেলছিলেন জাকের আলী অনিক। ম্যাচের মধ্যেই জানতে পারেন জাতীয় দলে সুযোগ পাওয়ার কথা। অনিক জানান, ‘আমি ম্যাচের মধ্যেই জানতে পেরেছি যে টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছি। (খালেদ মাহমুদ) সুজন স্যার আমাকে আগেই প্রস্তুত থাকতে বলেছিলেন। তবে নিশ্চিত খবরটা কিছুক্ষণ আগে ডাগ আউটে জানতে পেরেছি। আমি তো ম্যাচে ছিলাম, কিপিং করলাম।’