কক্সবাজারের ঈদগাঁও বাজারে সাদা পোশাকে প্রকাশ্যে এক গাড়িচালককে মারধরের প্রতিবাদ করায় জাবের মোহাম্মদ জিসান নামের এক এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতের এ ঘটনায় জড়িত সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান।
এদিকে বুধবার (২২মার্চ) সকালে এ ঘটনায় বিক্ষুব্ধ ছাত্ররা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে জড়িত পুলিশ সদস্যদের শাস্তি দাবি করেছে। খবর পেয়ে ঈদগাও থানার ওসি মোহাম্মদ গোলাম কবির ঘটনাস্থলে গিয়ে জড়িতদের শাস্তি নিশ্চিতের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
ঘটনার বিবরণ দিয়ে আহত শিক্ষার্থী জিসান কালের কণ্ঠকে জানায়- ‘মঙ্গলবার রাতে হোস্টেল থেকে এক বন্ধুসহ তরমুজ কিনতে যাচ্ছিলাম। পথিমধ্যে একদল পুলিশ একটি বালুর ড্রাম্প ট্রাক থামিয়ে আমার পরিচিত চালককে পিটাচ্ছিলেন। চালকের ডাক শুনে এগিয়ে প্রতিবাদ করলে সাদা পোশাকধারিরা আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। আমি তাদের পিটুনিতে জ্ঞান হারাই।’
জিসান আরো জানায়, কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার পর জানতে পারে, ওরা সবাই পুলিশ। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছিলেন গাড়ির চালক। থানার ওসি তার চিকিৎসার জন্য ইতিমধ্যে স্থানীয় আবু বকর ছিদ্দিক মেম্বারের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠিয়েছেন।
এ বিষয়ে কক্সবাজারের ঈদগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির কালের কণ্ঠকে জানান-‘ছাত্র জিসানের সঙ্গে থানার সাতজন পুলিশ সদস্যের বাক বিতণ্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে তাদের (পুলিশ) সঙ্গে হাতাহাতিতে জিসান আহত হয়। আমি আজ স্কুলে গিয়ে ঘটনার জন্য দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে যে কোনো কর্মসূচি না নিতে অনুরোধ করেছি।’





