বেঁচে আছেন অভিনেত্রী সাফা কবির

লেখক, সাংবাদিক, প্রামাণ্যচিত্র নির্মাতা ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা কবির মুমুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৯ জুন) সকালে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে মডেল-অভিনেত্রী সাফা কবির মারা গেছেন। সকাল থেকেই ভেসে বেড়াচ্ছে এমন খবর। এতে চিন্তিত হয়ে পড়েন অভিনেত্রীর ভক্তরা। এ খবর পৌঁছে যায় সাফা কবীরের কাছেও। এতে বেশ বিব্রত হন তিনি।

শুক্রবার (৯ জুন) বিকেলে সাফা কবির তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। ভুল শুধরে দিয়ে সাফা কবির বলেন— ‘হ্যালো এভরি ওয়ান, সবাইকে ছুটির দিনের শুভেচ্ছা। একটি ভুল পোস্ট আমাকে অনেকেই ট্যাগ করছেন। নামের সঙ্গে মিল থাকায় অনেকেই আমাকে নিয়ে দুশ্চিন্তা করছেন। না জেনে এভাবে প্যানিক ছড়ানোটা ঠিক না। এতে আমাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে, বিব্রত হতে হয়েছে।’

সবার কাছে দোয়া চেয়ে সাফা কবির বলেন, ‘আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ সবার ভালো করুক, আমিন।’