নোয়াখালীর পৌর এলাকায় একটি ফ্ল্যাট বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ জুন) বেলা ১১টায় পৌর এলাকার হরিনারায়ণপুর বার্লিংটন মোড় এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে আটককৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
নিহতরা হলেন, ফজলে আজিম কচি মিয়ার স্ত্রী নূর নাহার বেগম (৪৫) ও তার স্কুলপড়ুয়া মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তী।
স্থানীয়রা জানান, ফজলে আজিম কচি মিয়া দ্বিতীয় তলায় পরিবার নিয়ে থাকেন। তার বাসার নিচ তলায় থাকে ভাড়াটিয়া। নিচ তলার একটি অংশ ভাড়া দেওয়ার জন্য ‘টু-লেট’ সাইনবোর্ড টানানো রয়েছে।
ফজলে আজিম কচি মিয়ার মা হোসনে আরা বেগম জানান, বুধবার সকালে বাসায় ছিলেন নূর নাহার বেগম ও তার মেয়ে প্রিয়ন্তী। বাসা ভাড়া নেওয়ার কথা বলে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে কয়েকজন বাসায় ঢুকে নূর নাহারকে কুপিয়ে খুন করে। এ সময় তার মেয়ে প্রিয়ন্তী চিৎকার করলে তাকেও কুপিয়ে তারা পালিয়ে যায়। পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে প্রিয়ন্তী নিহত হন।
সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান পাঠান জানান, বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা তারা সম্পর্কে মা-মেয়ে। তাদের কুপিয়ে খুন করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের সোপর্দ করেছে। বিস্তারিত পরে জানানো হবে।





