যুক্তরাষ্ট্র-ইরানকে সমঝোতা স্মারক মেনে চলার আহ্বান পাকিস্তানের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র ও ইরানের পক্ষগুলোকে গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) মেনে চলার আহ্বান জানিয়েছে পাকিস্তান।

বুধবার (২৯ জুলাই) এক প্রতিবেওদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা।

জাতিসংঘে পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমদ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে এ আহ্বান জানান। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে পাকিস্তান গভীরভাবে উদ্বিগ্ন এবং সংশ্লিষ্ট সব পক্ষের উচিত তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা।

বৈঠকে সৌদি আরব ও বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা জানান পাকিস্তানের রাষ্ট্রদূত। তিনি বলেন, বৃহত্তর সংঘাতে সৌদি আরবকে জড়িয়ে ফেলার যেকোনো প্রচেষ্টা নিয়ে পাকিস্তান উদ্বিগ্ন। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন জানান তিনি।

আসিম ইফতিখার আহমদ আরও বলেন, ফিলিস্তিনি জনগণের প্রতি পাকিস্তানের সংহতি অব্যাহত রয়েছে। তিনি মন্তব্য করেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখল অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা কঠিন হয়ে থাকবে।

তিনি মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।