পদত্যাগ করলেন বাফুফের প্রধান হিসাবরক্ষক

সম্প্রতি অর্থ কেলেঙ্কারি ও নানা অনিয়মের অভিযোগে ফিফার নিষেধাজ্ঞায় পড়েন আবু নাইম সোহাগ। বৈশ্বিক ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থার এই ঘোষণার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদকের পদ থেকেও অব্যাহতি পান তিনি। যা নিয়ে এখনও উত্তাল হাওয়া চলছে দেশের ফুটবলাঙ্গণে।

এবার বাফুফে থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ফেডারেশনের প্রধান হিসাব রক্ষক আবু হোসেন। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের অধীনে যত আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে তার সবক’টির সঙ্গে জড়িয়ে আছে এই কর্মকর্তার নাম।

সোমবার (১৯ জুন) বাফুফের নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র আরটিভিকে আবু হোসেনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রটি বলেন, ‘বাফুফেতে এসে বিকেলে (সোমবার) পদত্যাগপত্র জমা দিয়েছেন আবু হোসেন। এর চেয়ে বেশি কিছু এখন বলা যাচ্ছে না।’

এই বিষয়ে জানতে বাফুফের ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি ইমরান হোসেন তুষারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।