মধুমিতার ‘গুলশানের চামেলি’ ছাড়ার গুঞ্জন ভিত্তিহীন, মুখ খুললেন নির্মাতা

মোহাম্মদ ইকবালের পরিচালনায় ‘গুলশানের চামেলি’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো ঢাকাই চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকার। তবে সিনেমাটি থেকে তার সরে দাঁড়ানোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এমন খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পরিচালক।

মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, এসব কথা কে বলেছে, আমি জানি না। সামনে মাস থেকেই আমাদের শুটিং শুরু হবে। সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ প্রায় শেষ পর্যায়ে। পহেলা ডিসেম্বর এফডিসির দুই নম্বর ফ্লোরে মধুমিতাকে নিয়েই ক্যামেরা ওপেন করব।

পরিচালক আরও জানান, শুটিংয়ের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। চলতি মাসেই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ছবির সেট নির্মাণ শুরু হবে। আর মধুমিতা বাংলাদেশে আসবেন আগামী ২৮ নভেম্বর।

এদিকে সিনেমা থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন মধুমিতা সরকারও। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিনই এ ধরনের নানা গুঞ্জন ছড়ায়। এসব নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। সিনেমাটিতে যুক্ত হওয়ার পরও কেউ কেউ নেতিবাচক মন্তব্য করেছিলেন, এখন আবার সিনেমা ছেড়ে দেওয়ার গুজব ছড়াচ্ছে।

জানা গেছে, রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার দিক নিয়ে নির্মিত হচ্ছে ‘গুলশানের চামেলি’। সিনেমার গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন যৌনকর্মী। কোনো অপরাধ না করেও যিনি বারবার ক্ষমতার নির্মম খেলার শিকার হন। এই চরিত্রেই দেখা যাবে মধুমিতাকে।

আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে নির্মিত সিনেমাটিতে মধুমিতা ছাড়াও অভিনয় করবেন রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, আমিন খান, বাপ্পারাজ ও মিশা সওদাগর।