শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, দিলীপ আগারওয়ালকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

এদিন দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন আদালতে দিলীপ আগারওয়ালকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১১২ কোটি ৪৭ লাখ ২৮ হাজার ৪০৭ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ রয়েছে দিলীপ আগারওয়ালের বিরুদ্ধে।

দুদকের আবেদনে আরও বলা হয়, মামলার তদন্তে তার বিরুদ্ধে প্রাথমিকভাবে অপরাধের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রমের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো জরুরি।

উল্লেখ্য, দিলীপ কুমার আগারওয়াল ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি এবং আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য।