নিউইয়র্কে ক্লাবে ভয়াবহ গোলাগুলি, নিহত ৩

নিউইয়র্কের ব্রুকলিনে একটি ক্লাবে ভয়াবহ গোলাগুলিতে অন্তত তিনজন নিহত ও আটজন আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (১৭ আগস্ট) মধ্যরাত সাড়ে ৩টার কিছু আগে ক্রাউন হাইটস এলাকায় অবস্থিত টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ নামের ক্লাবে এই হামলার ঘটনা ঘটে।

নিউইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিশ এক সংবাদ সম্মেলনে জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ‘বিরোধের জেরে’ একাধিক অস্ত্র ব্যবহার করে এক বা একাধিক হামলাকারী এ গুলিবর্ষণ চালায়।

তিনি আরও বলেন, এটি নিউইয়র্ক শহরে ঘটে যাওয়া এক ভয়াবহ গুলিবর্ষণ।

ঘটনাস্থল থেকে অন্তত ৩৬টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। এছাড়া নিকটবর্তী এক সড়ক থেকে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হলেও তাদের মধ্যে কেউ গুরুতর অবস্থায় নেই বলে জানিয়েছেন কমিশনার টিশ।

এ হামলার ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

উল্লেখ্য, এমন সময়ে এ ঘটনা ঘটল, যখন নিউইয়র্ক শহরে বন্দুক সহিংসতা রেকর্ড নিম্ন পর্যায়ে নেমে এসেছে। এর আগে জুলাইয়ের শেষ দিকে ম্যানহাটনের মিডটাউন এলাকায় একটি অফিসে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে হামলাকারী নিজেও ছিল। পরে জানা যায়, সে এনএফএল-এর সদর দপ্তর খুঁজছিল এবং নিজের মস্তিষ্কের আঘাতের জন্য সংস্থাটিকে দায়ী করেছিল।