সম্প্রতি হোয়াইট হাউসে মেলা বসেছিল বিশ্বের শীর্ষ সব প্রযুক্তি নির্বাহীদের। গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তাদের নিয়ে এক নৈশভোজের আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
কে ছিলেন না ট্রাম্পের এই খাবার টেবিলে? অ্যাপলের টিম কুক, মাইক্রোসফটের বিল গেটস ও সত্য নাদেলা, মেটার মার্ক জুকারবার্গ, ওপেনএআইয়ের স্যাম অল্টম্যানসহ আরও অনেকে। খবর নিউ ইয়র্ক পোস্টের।
একজন সুপরিচিত মুখ অবশ্য অনুমিতভাবেই অনুপস্থিত ছিলেন সেখানে। তিনি টেসলার সিইও এবং স্পেসএক্সের প্রতিষ্ঠাতা এলন মাস্ক, যিনি একসময় ট্রাম্পের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন।
হোয়াইট হাউসের নবনির্মিত রোজ গার্ডেনে এই নৈশভোজের আয়োজন হওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে কর্মকর্তারা এটিকে স্টেট ডাইনিং রুমে স্থানান্তরিত করেন।
হোয়াইট হাউসের স্টেট ডাইনিং রুমে আয়োজিত বিশাল এ নৈশভোজে ট্রাম্পের সঙ্গে একত্রিত হয়েছিলেন বিশ্বের তাবড় তাবড় প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধানরা। টেবিলে ভারতীয় বংশোদ্ভূত টেক-লিডারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মার্ক জুকারবার্গ (মেটা), বিল গেটস (মাইক্রোসফট), টিম কুক(অ্যাপল), স্যাম অল্টম্যান (ওপেনএআই), সত্য নাদেলা (মাইক্রোসফট), সুন্দর পিচাই (গুগল), সের্গেই ব্রিন (গুগল), সাফরা ক্যাটজ (ওরাকল), ডেভিড লিম্প (ব্লু অরিজিন), সঞ্জয় মেহরোত্রা (মাইক্রোন টেকনোলজি), গ্রেগ ব্রকম্যান (ওপেনএআই), বিবেক রানাদিভ (টিবকো সফটওয়্যার), শ্যাম শংকর (প্যালান্টির)।
এদের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের পাশেই বসেছিলেন মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। আর ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের পাশে বসেছিলেন বিল গেটস।
সিলিকন ভ্যালির নামীদামী ব্যক্তিদের খাবারের টেবিলে বসিয়ে মার্কিন প্রেসিডেন্ট সরাসরি প্রশ্ন করেন, আমেরিকার বৃহত্তম প্রযুক্তি সংস্থাগুলো দেশে কতটা বিনিয়োগ করছে।
টেক লিডাররা এ সময় ট্রাম্পের প্রশংসা করছিলেন এবং প্রযুক্তিতে নিজেদের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন আশাব্যঞ্জক গল্প করছিলেন। কিন্তু, ট্রাম্প সরাসরি জানতে চাইছিলেন পরিসংখ্যান। টেবিল ঘুরে প্রতিটি নেতাকে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে তাদের কোম্পানি আমেরিকায় কত বিনিয়োগ করছে।
হোয়াইট হাউজে নৈশভোজে বসে ট্রাম্পকে প্রশংসায় ভাসিয়েছেন প্রত্যেকেই। মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা তাকে বলেন, আপনি এবং আপনার নীতিগুলো সত্যিই অনেক সাহায্য করছে আমাদের।
এএমডির সিইও লিসা সু বলেন, ট্রাম্পের প্রশাসন প্রতিষ্ঠিত হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যে আমরা যে পরিমাণ তৎপরতা দেখেছি, তা প্রশংসনীয়।
ওরাকলের সিইও সাফরা ক্যাটজ বলেন, আপনি আমাদের প্রেসিডেন্ট এবং আপনি দ্রুত এআই-এর গুরুত্ব স্বীকার করে আমেরিকান উদ্ভাবন এবং সৃজনশীলতাকে এগিয়ে নিইয়ে যাচ্ছেন। মূলত প্রতিটি মন্ত্রিসভা পদে আপনি যে সমস্ত কাজ করছেন এবং হোয়াইট হাউস থেকে যা বেরিয়ে আসছে, তা আমেরিকার জয় সম্ভব করে তুলছে।
ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান বলেন, ব্যবসা-বান্ধব এবং উদ্ভাবন-বান্ধব রাষ্ট্রপতি হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের সমস্ত কোম্পানি এবং আমাদের সমগ্র দেশকে এত সফল করার জন্য আপনি যা করছেন, তা দেখে আমরা খুব উদ্বেলিত।
ট্রাম্পের কোভিড-১৯ ভ্যাকসিন কর্মসূচির খোলাখুলি প্রশংসা করেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস। তিনি বলেন, মাইক্রোসফট মার্কিন সরকারকে চিকিৎসা গবেষণা এবং এইচআইভি, পোলিও এবং সিকেল সেল সম্পর্কিত প্রকল্পগুলিতে সহায়তা করতে প্রস্তুত। প্রেসিডেন্ট এবং আমি আমেরিকান উদ্ভাবনকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার বিষয়ে কথা বলছি, যাতে এই রোগগুলোর কিছু নিরাময় এবং এমনকি নির্মূল করা যায়।
নৈশভোজে মেটার প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের সঙ্গেও হালকা খুঁনসুঁটি চলে মার্কিন প্রেসিডেন্টের।





