ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া রাই বচ্চনের উপস্থিতি মানেই আলাদা উন্মাদনা। প্রতি বছরই তাঁর সাজ, উপস্থিতি আর আত্মবিশ্বাস ঘিরে আলোচনা চলে ভক্তদের মধ্যে। তবে এবার কানের লাল গালিচায় ঐশ্বরিয়ার সঙ্গে সবচেয়ে বেশি নজর কাড়লেন তাঁর মেয়ে আরাধ্যা বচ্চন। প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে রেড কার্পেটে হাঁটলেন তিনি। আর সেই মুহূর্তেই যেন নতুন আলোচনার জন্ম দিল বচ্চন পরিবারের মা-মেয়ের জুটি।
বিশেষ সন্ধ্যার জন্য ঐশ্বরিয়া বেছে নিয়েছিলেন হালকা গোলাপি রঙের একটি গাউন। জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার সোফি কুচুরের তৈরি সেই পোশাকে তাঁকে দেখতে লাগছিল যেন রূপকথার রাজকন্যা। খোলা চুল, মায়াবী চোখ আর রাজকীয় উপস্থিতিতে আবারও প্রমাণ করলেন, সময়ের সঙ্গে তাঁর সৌন্দর্যের আবেদন এতটুকুও কমেনি।
তবে সেই সন্ধ্যার আসল চমক ছিল আরাধ্যা। এত দিন মায়ের সঙ্গে কান উৎসবে গেলেও, এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে লাল গালিচায় দেখা গেল তাঁকে। আত্মবিশ্বাসের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজ দিতে দেখা যায় ১৪ বছরের এই কিশোরীকে। তাঁর পরনে ছিল টকটকে লাল সাটিন গাউন। হালকা কোঁকড়ানো খোলা চুলে আরাধ্যাকে দেখে অনেকেই বলছেন, যেন বাস্তবের ডিজনি রাজকন্যা।
হোটেল থেকে বের হওয়া থেকে শুরু করে গাড়িতে ওঠা, এমনকি রেড কার্পেটে হাঁটার সময়ও একে অপরের হাত ছাড়েননি ঐশ্বরিয়া ও আরাধ্যা। মা-মেয়ের এই মধুর সম্পর্ক মন ছুঁয়ে গেছে ভক্তদের। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে এখন তাঁদের ছবি আর ভিডিওই ঘুরে বেড়াচ্ছে।
দীর্ঘ দুই দশক ধরে কানের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করে আসছেন ঐশ্বরিয়া। এবার মেয়ের আত্মবিশ্বাসী উপস্থিতি দেখে অনেক অনুরাগীই বলছেন, ‘মায়ের যোগ্য মেয়ে’। কেউ আবার ভালোবেসে ডাকছেন ‘রানি ও রাজকন্যা’। সব মিলিয়ে এবারের কানে ফ্যাশন আর আভিজাত্যে অন্যতম আলোচিত নাম হয়ে উঠেছেন ঐশ্বরিয়া ও আরাধ্যা।





