বিশ্বকাপ দলে ফিরেই আবার চোটে নেইমার

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে নেইমার জুনিয়রের ফেরা নিয়ে দীর্ঘদিন ধরেই ছিল আলোচনা ও অনিশ্চয়তা। সব জল্পনা কাটিয়ে শেষ পর্যন্ত কার্লো আনচেলত্তির চূড়ান্ত ২৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন এই তারকা ফরোয়ার্ড। তবে স্কোয়াড ঘোষণার কয়েক দিনের মধ্যেই আবারও তার চোটের খবর সামনে এসেছে, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে ব্রাজিল শিবিরে।

নেইমারের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছেন তার ক্লাব সান্তোসের চিকিৎসক রদ্রিগো জোগাইব। তিনি জানিয়েছেন, নেইমারের পায়ের কাফে হালকা চোট ও ফোলা রয়েছে। তবে পরিকল্পনা অনুযায়ী পুনর্বাসন চললে আগামী সপ্তাহে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার মতো অবস্থায় থাকবেন তিনি।

চোটের কারণে আগামী কয়েক দিন স্বাভাবিক অনুশীলনে অংশ নিতে পারবেন না ব্রাজিল তারকা। ডান পায়ে মাঝারি মাত্রার ফোলা থাকায় অন্তত পাঁচ থেকে দশ দিন তাকে বাড়তি সতর্কতায় থাকতে হবে।

মাত্র দুই দিন আগেই বিশ্বকাপের জন্য ঘোষিত ব্রাজিলের ২৬ সদস্যের চূড়ান্ত দলে জায়গা পেয়েছিলেন নেইমার। যদিও তার ইনজুরি তেমন গুরুতর নয়। তারপরও তার ক্লাব সান্তোস এফসি ইতোমধ্যে মেনে নিয়েছে যে সামনে কয়েকটি ম্যাচে পাওয়া যাবে না তাকে। কোপা লিবার্তাদোরেসে সান লরেঞ্জোর বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচেও খেলেননি নেইমার।

ক্লাব কর্তৃপক্ষ এখন জাতীয় দলে ছাড়ার আগে তার পূর্ণ ফিটনেস ফেরানোর দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে। উল্লেখ্য, আগামী ২৭ মে গ্রাঞ্জা কোমারিতে ব্রাজিল দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে।

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, মেডিকেল রিপোর্ট দেখার পর এবং খেলোয়াড়ের সঙ্গে সরাসরি কথা বলেই নেইমারকে দলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিল শিবিরে নেইমারের চোটকে গুরুতর মনে করা না হলেও, দ্রুত সুস্থ হয়ে ওঠার সময়সীমাকে বেশ চ্যালেঞ্জিং হিসেবেই দেখা হচ্ছে।

আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। তার আগে সময়ের সঙ্গে লড়াই করেই পুরোপুরি ফিট হয়ে ফিরতে হবে নেইমারকে।