শুধু অংশগ্রহণকারী দলের সংখ্যা বৃদ্ধির কারণেই নয়, কোচদের পেছনে ব্যয় হওয়া বিপুল অর্থের কারণেও ২০২৬ ফুটবল বিশ্বকাপ নতুন এক মাইলফলক গড়তে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮টি দল।
বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের সাফল্যের সম্ভাবনা বাড়াতে বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশনগুলো বিশ্বসেরা কোচদের দলে ভেড়াতে বড় অঙ্কের বিনিয়োগ করেছে। এবারের বিশ্বকাপ চক্রের অন্যতম উল্লেখযোগ্য দিক হলো বিদেশি কোচের আধিপত্য। অংশগ্রহণকারী ৪৮ দলের মধ্যে ৩১টি দলই প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিদেশিদের। আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা ও আধুনিক কৌশলগত দক্ষতার কারণে বিদেশি কোচদের প্রতি আগ্রহ আগের যেকোনো সময়ের তুলনায় বেশি।
বিশ্বকাপের ২৩তম আসর উপলক্ষে জাতীয় দলের কোচদের বেতন নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ ওয়ার্ল্ড সকার টক। সেখানে উল্লেখ্য করা হয়, এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি বেতন পাওয়া কোচ হিসেবে শীর্ষে রয়েছেন কার্লো আনচেলত্তি।
২০২৫ সালের মে মাসে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব তুলে দেয় আনচেলত্তির হাতে। পরে তার চুক্তি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত নবায়ন করা হয়। এই চুক্তি অনুযায়ী তার বার্ষিক আয় ৯.৫ মিলিয়ন ইউরো, যা এবারের বিশ্বকাপের কোচদের মধ্যে সর্বোচ্চ।
বেতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন থমাস টুখেল। ইংল্যান্ড জাতীয় দলের এই কোচ বছরে আয় করেন ৫.৯ মিলিয়ন ইউরো। আর ৪.৯ মিলিয়ন ইউরো বার্ষিক আয় নিয়ে তৃতীয় স্থানে আছেন জুলিয়ান নাগেলসমান, যিনি বর্তমানে জার্মানির দায়িত্বে রয়েছেন।
সব মিলিয়ে, ২০২৬ বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, বরং কোচিং বেঞ্চেও প্রতিযোগিতার নতুন উচ্চতা তৈরি করেছে। বিশ্বসেরা কোচদের নিয়ে দেশগুলোর এই বড় বিনিয়োগ প্রমাণ করে, আধুনিক ফুটবলে সাফল্যের পেছনে একজন দক্ষ কোচ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
২০২৬ বিশ্বকাপের সর্বোচ্চ বেতন পাওয়া ১০ কোচরা হলেন-
১. কার্লো আনচেলত্তি (ব্রাজিল) – ১ কোটি ১৩ লাখ ডলার
২. জুলিয়ান নাগেলসমান (জার্মানি) – ৭৯ লাখ ডলার
৩. মাউরিসিও পোচেত্তিনো (যুক্তরাষ্ট্র) – ৬৮ লাখ ডলার
৪. থমাস টুখেল (ইংল্যান্ড) – ৬৫ লাখ ডলার
৫. রবার্তো মার্তিনেজ (পর্তুগাল) – ৪৫ লাখ ডলার
৬. ফাবিও কানাভারো (উজবেকিস্তান) – ৪৫ লাখ ডলার
৭. জেসি মার্শ (কানাডা) – ২৮ লাখ ডলার
৮. হাভিয়ের আগিরে (মেক্সিকো) – ২৮ লাখ ডলার
৯. গুস্তাভো আলফারো (প্যারাগুয়ে) – ২৮ লাখ ডলার
১০. লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা) – ২৬ লাখ ডলার





