বিশ্বকাপ এলে বাসায় যেন যুদ্ধ লেগে থাকে: বারিশা হক

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন মেতে উঠেছে সারা বিশ্ব, তখন তার রেশ লেগেছে দেশের তারকাদের মধ্যেও। বিশ্বকাপকে ঘিরে নিজেদের পরিবারের মজার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন মডেল ও ইনফ্লুয়েন্সার বারিশা হক। দেশের একটি গণমাধ্যম আয়োজিত ‘গোল্ডস্যান্ডস প্রবাসী বিশ্বকাপ’ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়ে বারিশা জানান বিশ্বকাপ এলেই চারপাশে অন্যরকম উন্মাদনা তৈরি হয়।

এই অভিনেত্রী জানান, তাদের পরিবারেও ফুটবল নিয়ে চলে মজার প্রতিদ্বন্দ্বিতা। এ প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমার স্বামী ব্রাজিল সমর্থন করে, আর আমি ও আমার মেয়ে আর্জেন্টিনার সমর্থক। তাই বিশ্বকাপ এলে বাসায় যেন একটা যুদ্ধ লেগে থাকে।’

তবে এই যুদ্ধ যে শুধুই আনন্দের, সেটিও স্পষ্ট করেছেন তিনি। বারিশা জানান, এটাকে ফান বা মজা বলতে পারেন। স্বামী-স্ত্রী দুজনই যদি একই দল সমর্থন করি, তাহলে সেই মজাটা থাকে না। একে অন্যকে খোঁচা দেয়া, মজা করা, এটাই বিশ্বকাপের অন্যরকম আনন্দ।

বাংলাদেশের ফুটবল সমর্থকদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের বেশিরভাগ সমর্থকরা দুই ভাগে বিভক্ত। আর্জেন্টিনা ও ব্রাজিল। তবে এবার রোনালদোর পর্তুগালেরও অনেক সমর্থক দেখা যাচ্ছে বলে মনে করেন তিনি।

এই বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে অনুষ্ঠান সঞ্চালক রাজীব খানের প্রশ্নে তিনি বলেন, ‘প্রথম ম্যাচের পরই বোঝা যাবে দলটি কেমন করছে। তবে বাংলাদেশে আর্জেন্টিনাকে ঘিরে যে পরিমাণ উন্মাদনা রয়েছে, তা সত্যিই অবিশ্বাস্য।’

বিশ্বকাপকে তিনি বাংলাদেশের মানুষের জন্য একটি বড় উৎসব হিসেবেও উল্লেখ করেন। তার মতে, টুর্নামেন্ট শেষ হয়ে গেলে মানুষ সেটিকে অনেক দিন ধরে মিস করে। কারণ বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া আসর নয়, বরং এটি দেশের মানুষের জন্য এক বিশেষ উৎসবে পরিণত হয়েছে। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোল্ডস্যাণ্ডস গ্রুপের ম্যানেজার মো. রাকিবুল ইসলাম রাজ।