পেট্রোল-ডিজেলের বড় মূল্য হ্রাস পাকিস্তানে

জ্বালানি তেলের দামে বড় ধরনের মূল্য হ্রাসের ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার।
শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, পেট্রোলের দাম প্রতি লিটারে ৭৪ রুপি এবং ডিজেলের দাম ৬৭ রুপি কমানো হয়েছে।

সরকারি ঘোষণা অনুযায়ী, নতুন দামে পেট্রোলের মূল্য প্রতি লিটার ৩৭৩ রুপি থেকে কমে ২৯৯ রুপিতে নেমে আসবে। একইভাবে ডিজেলের দাম ৩৭৮ রুপি থেকে কমে ৩১১ রুপি প্রতি লিটার নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, বৈশ্বিক তেলের দাম কমায় এবং আঞ্চলিক অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সরকার জনগণকে এর সরাসরি সুবিধা দিচ্ছে।

শেহবাজ শরিফ বলেন, সরকার সংকটকালীন সময়ে কঠোর সাশ্রয় নীতি অনুসরণ করেছে এবং উন্নয়ন বাজেট থেকে ১২৯ বিলিয়ন রুপি ব্যয় করে জনগণকে জ্বালানি খাতে সহায়তা দেওয়া হয়েছে। তার দাবি, এই সময়েও দেশে জ্বালানি সংকট বা দীর্ঘ লাইনের মতো পরিস্থিতি তৈরি হয়নি।

পাকিস্তান প্রধানমন্ত্রী দাবি করেন, আঞ্চলিক উত্তেজনা ও আন্তর্জাতিক বাজারে অস্থিরতার মধ্যেও পাকিস্তান জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে। কেন্দ্র ও প্রাদেশিক সরকারগুলোর সমন্বয়ের কারণে দেশে কোনও জ্বালানি ঘাটতি হয়নি বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের মধ্যস্থতা ভূমিকা রেখেছে, যার ফলে আঞ্চলিক অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে।

বৈশ্বিক বাজারেও তেলের দাম কমেছে। কারণ মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাস এবং সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে ট্যাংকার চলাচল শুরু হওয়ার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ও ডব্লিউটিআই তেলের দামও কমে যায়।

উল্লেখ্য, চলমান বৈশ্বিক তেল সংকটের সময় পাকিস্তান সরকার কয়েক দফায় জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল। বিশেষ করে মার্চ ও এপ্রিল মাসে দফায় দফায় মূল্য বৃদ্ধি করে রেকর্ড পর্যায়ে পৌঁছে যায় পেট্রোলের দাম। তবে সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় দেশটির সরকার এবার বড় মূল্য কমানোর সিদ্ধান্ত নিলো। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন