বজ্রপাতের আশঙ্কায় দুই ঘণ্টার বেশি সময় বন্ধ ছিল খেলা! তবে বিরতির পর মাঠে ফিরে কোনো নাটক জমতে দিল না ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল ও উসমান দেম্বেলের এক গোলে ইরাককে ৩–০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ বত্রিশ নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের দল।
ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত গ্রুপ ‘আই’-এর ম্যাচটি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় স্থগিত থাকা ম্যাচগুলোর একটিতে পরিণত হয়। প্রথমার্ধ শেষে স্থানীয় সময় বিকেল ৫টা ৪৯ মিনিটে স্টেডিয়ামের কাছাকাছি বজ্রপাতের কারণে খেলা বন্ধ করে দেয় ফিফা। প্রায় ১৩১ মিনিট পর স্থানীয় সময় রাত ৮টায় আবার শুরু হয় ম্যাচ।
বিরতির আগেই ফ্রান্সকে এগিয়ে দিয়েছিলেন এমবাপ্পে। দূরপাল্লার বাঁ পায়ের শক্তিশালী শটে ইরাকের গোলরক্ষককে পরাস্ত করে চলতি বিশ্বকাপে নিজের তৃতীয় গোলটি করেন ফরাসি অধিনায়ক।
দীর্ঘ বিরতির পর খেলা শুরু হলেও ফ্রান্সের ছন্দে কোনো প্রভাব পড়েনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও একবার জালের দেখা পান এমবাপ্পে। এরপর উসমান দেম্বেলে নিজের প্রথম বিশ্বকাপ গোল করে ফ্রান্সের জয় নিশ্চিত করেন।
জোড়া গোলের সুবাদে বিশ্বকাপে এমবাপ্পের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬-তে। ফলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসির ১৮ গোলের রেকর্ড থেকে তিনি এখন মাত্র দুই গোল দূরে। ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডের সামনে সেই রেকর্ড স্পর্শ কিংবা ভাঙার সুযোগও রয়েছে চলতি আসরেই।
দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। গোল ব্যবধানও তাদের পক্ষে বেশ স্বস্তিদায়ক। ফলে এক ম্যাচ হাতে রেখেই শেষ বত্রিশের টিকিট নিশ্চিত করল ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।
গ্রুপের অন্য ম্যাচে নরওয়ে এগিয়ে থাকায় সমীকরণও অনেকটাই পরিষ্কার হয়ে এসেছে। নরওয়ে শেষ পর্যন্ত জয় পেলে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে টিকে থাকবে বটে, তবে তাদের শেষ ম্যাচে ফ্রান্সকে হারানোর কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
অন্যদিকে সেনেগালের সামনে থাকবে ইরাককে বড় ব্যবধানে হারিয়ে শেষ বত্রিশে ওঠার সুযোগ। ইরাকের সম্ভাবনাও পুরোপুরি শেষ হয়নি, তবে তাদের পরের ম্যাচে সেনেগালের বিপক্ষে অঘটন ঘটানো ছাড়া আর কোনো পথ খোলা নেই।





