তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতির মঞ্চে উঠে আসা থালাপতি বিজয়ের এবারের জন্মদিন ছিল বিশেষ। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম জন্মদিন। ফলে স্বাভাবিকভাবেই দিনজুড়ে ভক্ত, সহকর্মী, রাজনৈতিক নেতা ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসেন তিনি। তবে এত শুভেচ্ছার ভিড়েও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একটি অনুপস্থিতি অভিনেত্রী তৃষা কৃষ্ণনের নীরবতা।
গত কয়েক বছর ধরে বিজয়ের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ পোস্ট করে শুভেচ্ছা জানিয়ে আসছিলেন তৃষা। কখনো দুজনের একসঙ্গে তোলা ছবি, কখনো ব্যক্তিগত মুহূর্তের স্মৃতি ভাগাভাগি করে ভক্তদের নজর কেড়েছেন তিনি। কিন্তু এবার ৫২তম জন্মদিনে বিজয়কে নিয়ে কোনো পোস্ট করেননি এই অভিনেত্রী। আর এতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন জল্পনা।
ভক্তদের অনেকেই বিষয়টিকে অস্বাভাবিক হিসেবে দেখছেন। কারণ, আগের বছরগুলোতে তৃষার জন্মদিনের শুভেচ্ছা বার্তাগুলো বেশ আলোচিত হয়েছিল। বিশেষ করে ২০২৫ সালে বিজয়ের একটি ছবি পোস্ট করে দেওয়া শুভেচ্ছাবার্তা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। তারও আগে দুজনের একটি সেলফি শেয়ার করে তিনি ভবিষ্যতের সাফল্যের জন্য শুভকামনা জানিয়েছিলেন। ফলে এবারের নীরবতা স্বাভাবিকভাবেই কৌতূহলের জন্ম দিয়েছে।
এদিকে সামাজিক মাধ্যমে আরও একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেকের দাবি, তৃষা নাকি ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো করেছেন। তবে ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি পুরোপুরি সঠিক নয়। বিভিন্ন সূত্রের দাবি, তৃষা কখনোই বিজয়কে ইনস্টাগ্রামে ফলো করতেন না। ফলে ‘আনফলো’ করার প্রশ্নও ওঠে না। তবুও গুঞ্জন থামছে না।
গত কয়েক মাস ধরেই বিজয় ও তৃষার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছে। যদিও দুজনের কেউই এ বিষয়ে কখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে তাদের ঘনিষ্ঠ বন্ধুত্ব এবং একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতি বারবার আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে সাম্প্রতিক নির্বাচনে বিজয়ের জয়ের পর তার বাসভবনে তৃষার উপস্থিতি এবং শপথগ্রহণ অনুষ্ঠানে সামনের সারিতে বসে থাকা নতুন করে আলোচনায় ইন্ধন জুগিয়েছিল।
রাজনৈতিক অঙ্গনেও এই সম্পর্ক নিয়ে নানা মন্তব্য শোনা গেছে। বিজয়ের ব্যক্তিগত জীবন ও পারিবারিক সম্পর্ক নিয়ে কিছু গুঞ্জন ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে বিজয়-তৃষাকে ঘিরে নানা দাবি আরও জোরালো হয়। যদিও এসব দাবির পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ বা বক্তব্য পাওয়া যায়নি।
তবে একটি বিষয় নিয়ে কোনো দ্বিমত নেই তামিল সিনেমার পর্দায় বিজয় ও তৃষা অন্যতম জনপ্রিয় জুটি। একসঙ্গে একাধিক সফল সিনেমায় অভিনয় করে তারা দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন। সেই জনপ্রিয়তাই হয়তো বাস্তব জীবন নিয়েও মানুষের আগ্রহ বাড়িয়ে দিয়েছে।
জন্মদিনে একটি শুভেচ্ছা পোস্ট না দেওয়া কিংবা সামাজিক মাধ্যমে ফলো-আনফলো বিতর্ক এসবের সত্যতা এখনো স্পষ্ট নয়। তবে আপাতত এই নীরবতাই নতুন করে আলোচনার খোরাক জুগিয়েছে। আর ভক্তরা অপেক্ষা করছেন, ভবিষ্যতে এই জল্পনার বিষয়ে বিজয় বা তৃষা কেউ মুখ খুলবেন কি না।





