ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে কাজ করলেন সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলা ইসলাম। তাদের নতুন গান ‘কাণ্ডারি চল’ ইতোমধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
গানটি আজ (২৪ জুন) থেকে শিল্পীদের নিজস্ব চ্যানেলসহ প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে। এই প্রজেক্টে মিলার সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, বাম্মি, সানজানা, নাইজেরিয়ান শিল্পী অলিবয় এবং র্যাপার ব্ল্যাক জ্যাং। গানের কথা লিখেছেন টাইগার চৌধুরী, মাহবুব মোর্শেদ, অলিবয় ও ব্ল্যাক জ্যাং।
‘কাণ্ডারি চল’ গানে ফুটবলকে শুধু খেলার মধ্যে সীমাবদ্ধ না রেখে তুলে ধরা হয়েছে এক বৃহত্তর আবেগ হিসেবে। যেখানে আছে স্বপ্ন, প্রতিযোগিতা, বন্ধুত্ব এবং উৎসবের অনুভূতি। গানটির সংগীতায়োজনে ব্যবহার করা হয়েছে লোকসংগীতের আবহ, স্টেডিয়ামের উচ্ছ্বাস, আধুনিক ইলেকট্রনিক সাউন্ডের মিশ্রণ এবং শক্তিশালী র্যাপ অংশ, যা গানটিকে দিয়েছে ভিন্নমাত্রা।
মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন মিরাজ হোসেন এবং প্রযোজনা করেছে রানআউট ফিল্মস। ভিডিওতে ফুটবল উৎসবের পাশাপাশি সাধারণ মানুষের উচ্ছ্বাস, রাস্তাঘাটের কোলাহল এবং বিশ্বকাপের আবহ ফুটিয়ে তোলা হয়েছে।
দীর্ঘদিন পর ফুয়াদের সঙ্গে কাজ করা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মিলা ইসলাম। তিনি বলেন, “অনেক বছর পর ফুয়াদ ভাইয়ের সঙ্গে কাজ করলাম। তার সঙ্গে করা গানগুলো আমার ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর অংশ। ‘কাণ্ডারি চল’ শুধু একটি গান নয়, এটি ফুটবলের আনন্দ, স্বপ্ন আর একসঙ্গে এগিয়ে চলার গল্প।”
ফুয়াদ–মিলা জুটির এই নতুন কাজকে ঘিরে ভক্তদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশ্বকাপের আবহে প্রকাশিত এই গানটি শ্রোতাদের কাছে নতুন এক উদ্দীপনা হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।





