নকআউট পর্বে ভুলের কোনো সুযোগ নেই, হেরে গেলেই বিদায়। আজ রাত ১১টায় হিউস্টনের শেষ এনার্জি স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ ৩২-এর মহালড়াইতে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ান পরাশক্তি জাপান।
মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ফুটবল বিশ্বে বইছে চরম উত্তেজনা। একদিকে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি যখন পেনাল্টি শুটআউটসহ সব পরিস্থিতির জন্য দল প্রস্তুত রেখেছেন, ঠিক তখনই ব্লু সামুরাইদের কোচ হাজিমে মোরিয়াসু ব্রাজিলকে বধ করার ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।
এদিকে সেলেসাও শিবিরে নেইমারকে নিয়ে এসেছে বড় সুখবর, অন্যদিকে জাপানি শিবিরে লেগেছে মস্ত বড় ধাক্কা।
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি খুব ভালো করেই জানেন, নকআউট পর্বে একটু আত্মতুষ্টি মানেই বিপর্যয়। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ইতালিয়ান এই মাস্টারমাইন্ড স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অতিরিক্ত সময় থেকে শুরু করে পেনাল্টি শুটআউট সব ধরনের পরিস্থিতির জন্যই প্রস্তুত রয়েছে তাঁর দল।
আনচেলত্তির মতে, এই ম্যাচে শুধু পা নয়, মস্তিষ্ক ও হৃদয়ের মেলবন্ধন ঘটাতে হবে। এদিকে একাদশ নিয়ে রহস্য জিইয়ে রেখে রসিকতার ছলে তিনি বলেন, আমি একাদশ ফাঁস করে আপনাদের কাজ সহজ করতে চাই না।
তবে যারা খেলবে, তারা কোচের চেয়েও অনেক নিশ্চিন্তে ঘুমাতে পেরেছে। তবে ব্রাজিল সমর্থকদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো নেইমার জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে অল্প সময় খেলা এই তারকাকে আজ আরও বেশি সময় দেখা যাবে।
আনচেলত্তি নিশ্চিত করেছেন, নেইমার গত সপ্তাহের চেয়ে অনেক ভালো অবস্থায় আছেন এবং ১৫ মিনিটেরও বেশি খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। তবে তাকে কখন নামানো হবে, তা নির্ভর করবে মাঠের পরিস্থিতির ওপর।
অন্যদিকে, ব্রাজিলকে এক চুলও ছাড় না দেওয়ার ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন জাপান কোচ হাজিমে মোরিয়াসু। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আসল বিশ্বকাপ তো শুরু হচ্ছে এখন থেকেই।
ব্রাজিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে, তবে আমরা তাদের সর্বোচ্চ চ্যালেঞ্জ জানাতে তৈরি। আর এই বিশ্বাসের পেছনে রয়েছে এক টাটকা স্মৃতি। গত বছরের অক্টোবরেই এক প্রীতি ম্যাচে ব্রাজিলের রক্ষণভাগের ভুলে ২ গোলে পিছিয়ে থেকেও ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারিয়ে দিয়েছিল জাপান।
মোরিয়াসু সেই জয়ের কথা মনে করিয়ে দিয়ে বলেন, বিশ্বকাপের ইতিহাসে আমরা ব্রাজিলের বিপক্ষে কখনো জিতিনি সত্যি, তবে প্রীতি ম্যাচের জয় প্রমাণ করেছে আমরা ওদের হারাতে পারি। এবারও আমরা জেতার পূর্ণ বিশ্বাস নিয়ে লড়বো। তবে ‘ডু অর ডাই’ ম্যাচের আগে জাপানি শিবিরে বড় এক ধাক্কা লেগেছে।
নেদারল্যান্ডসের বিপক্ষে চোট পাওয়া দলের অন্যতম বড় তারকা তাকেফুসা কুবো আজকের এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে গেছেন। যা জাপানিদের জন্য বড় এক ক্ষতি।





