আর্টসেলে ব্যান্ডের ভক্তদের জন্য এসেছে আবেগঘন এক ঘোষণা। ব্যক্তিগত কারণে ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী ও গিটারিস্ট লিংকন ডি’কস্তা সাময়িকভাবে ব্যান্ডের কার্যক্রম থেকে বিরতি নিয়েছেন। তবে কনসার্ট ও লাইভ পারফরম্যান্স চালিয়ে যেতে তারই সম্মতিতে নতুন ট্যুরিং ভোকাল হিসেবে যুক্ত হয়েছেন তরুণ সংগীতশিল্পী বখতিয়ার হোসাইন।
সম্প্রতি আর্টসেলের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় ব্যান্ডের সদস্যরা এই ঘোষণা দেন। সেখানে লিংকন জানান, জীবনের বিশেষ কিছু পরিস্থিতির কারণে তাকে বর্তমানে কানাডা থাকতে হচ্ছে এবং আরও কিছুদিন দেশের বাইরে অবস্থান করতে হবে। তিনি বলেন, গত ২৭ বছরে আমি কখনোই আর্টসেলের ক্লাসে অনুপস্থিত থাকিনি। কিন্তু জীবনের চলার পথে এমন কিছু পরিস্থিতি আসে, যা এড়ানো যায় না। এটা সময়ের দাবি।
লিংকনের ভাষায়- ব্যক্তি নয়, একটি ব্যান্ড বা প্রতিষ্ঠানের অস্তিত্বই বড়। তাই তার অনুপস্থিতিতে যেন আর্টসেলের পথচলা থেমে না যায় এবং ভক্তরা লাইভ পারফরম্যান্স থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই ব্যান্ডের অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে ট্যুরিং ভোকাল নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নিজের উত্তরসূরি হিসেবে বখতিয়ারকে পরিচয় করিয়ে দিয়ে লিংকন বলেন, বখতিয়ার অসাধারণ একজন ভোকাল ও মিউজিশিয়ান। সে আর্টসেলের আবেগ ও লিগ্যাসি বোঝে।
তবে ভক্তদের প্রতি একটি বিশেষ অনুরোধও জানিয়েছেন তিনি। লিংকন বলেন, কাউকে কারও সঙ্গে তুলনা করবেন না। বখতিয়ার যখন মঞ্চে গাইবে, তখন তার নিজের যোগ্যতা ও গুণের জন্য তাকে ভালোবাসবেন। আমি দূরে থাকলেও সবসময় বখতিয়ার এবং আর্টসেলের সঙ্গেই আছি।
ব্যান্ডের ড্রামার এরশাদুল হক সাজু এবং গিটারিস্ট কাজী ফয়সাল আহমেদ ও জুয়েল জানান, লিংকনকে ছাড়া আর্টসেলকে কল্পনা করাই কঠিন। গত ছয়-সাত মাস ধরে লিংকনের অনুপস্থিতিতে তারা কোনো স্টেজ শো করতে পারেননি। তবে ভক্তদের দীর্ঘদিনের অনুরোধ এবং ব্যান্ডের ধারাবাহিকতা বজায় রাখতেই বখতিয়ারকে বেছে নেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব পেয়ে বখতিয়ার বলেন, আর্টসেল একটি লিগ্যাসি। লিংকন ভাইয়ের জায়গা নেওয়ার ধৃষ্টতা আমার নেই। তবে আমার সংগীতজীবনে আর্টসেল একটি বড় আবেগ। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।
দীর্ঘ ২৭ বছরের পথচলায় প্রথমবারের মতো লিংকন ছাড়া মঞ্চে উঠতে যাচ্ছে আর্টসেল। তবে ব্যান্ডের সদস্যদের আশা, এই পরিবর্তন সাময়িক এবং ভক্তদের ভালোবাসা নিয়েই তাদের যাত্রা অব্যাহত থাকবে।





