দুর্নীতির মামলায় দণ্ডিত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক বাকি সাজা গৃহবন্দি অবস্থায় ভোগ করতে কারাগার থেকে বাসায় ফিরেছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে পুলিশের সশস্ত্র পাহারায় একটি এসইউভিতে করে ৭৩ বছর বয়সী নাজিবকে কুয়ালালামপুরের বাসভবনে নিয়ে যাওয়া হয়। এর মধ্য দিয়ে রাষ্ট্রীয় সম্পদ তহবিল থেকে অর্থ আত্মসাতের মামলায় তার চার বছরের কারাবাসের অবসান ঘটল।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নাজিবের বাসায় ফেরার আগেই রাজধানীর অভিজাত এলাকায় অবস্থিত ওই বাড়িটিকে কেন্দ্রীয় কারাগার হিসেবে ঘোষণা করা হয়। মঙ্গলবার কুয়ালালামপুর আদালত কমপ্লেক্সে গৃহবন্দি থাকার আদেশ চেয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের আবেদনের শুনানি শেষে হাইকোর্ট জানান, গৃহবন্দি থাকার আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এর আগে গত শুক্রবার তাকে বাসায় স্থানান্তরের কথা থাকলেও রাজকীয় আদেশের ব্যাখ্যা চেয়ে অ্যাটর্নি জেনারেল আবেদন করায় প্রক্রিয়াটি স্থগিত ছিল।
রাজকীয় ক্ষমা ও সমালোচনা ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী থাকা নাজিব দুটি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হন। প্রথম মামলায় (এসআরসি ইন্টারন্যাশনাল থেকে ৪ কোটি ২০ লাখ রিঙ্গিত স্থানান্তর) ২০২০ সালে তাকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং ২০২২ সালে তিনি কারাগারে যান। পরে আপিলে সাজা অর্ধেক হয়। গত সেপ্টেম্বরে মালয়েশিয়ার রাজা তাকে শর্তসাপেক্ষে ক্ষমা করলে বাকি দুই বছরের সাজা বাসায় ভোগের সুযোগ পান তিনি। এ ক্ষমার শর্ত হিসেবে তার দলকে ১ কোটি ২০ লাখ ডলার জরিমানাও দিতে হয়েছে।
তবে নাজিবকে কারাগার থেকে বাসায় পাঠানোর এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, এতে দেশটির দুর্নীতিবিরোধী লড়াই দুর্বল হবে। এ ছাড়া মালয়েশিয়ার আইনে গৃহবন্দি থাকার কোনো বিধান নেই উল্লেখ করে এই সিদ্ধান্তের আইনি ভিত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন সমালোচকরা।
ওয়ানএমডিবি কেলেঙ্কারি ও দ্বিতীয় মামলা এক দশক আগে রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ‘ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ’ (ওয়ানএমডিবি) কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর নাজিব সরকারের পতন ঘটে। তদন্তকারীদের মতে, নাজিবের সহ-প্রতিষ্ঠিত এই তহবিল থেকে প্রায় ৪৫০ কোটি ডলার সরিয়ে নেওয়া হয়েছিল, যার মধ্যে কৌঁসুলিদের দাবি অনুযায়ী ১০০ কোটি ডলারের বেশি নাজিবের সংশ্লিষ্ট হিসাবে জমা হয়। নাজিবের আইনজীবীদের দাবি, পলাতক অর্থলগ্নিকারী ঝো লোসহ তার উপদেষ্টারা তাকে বিভ্রান্ত করেছিলেন।
এদিকে, ২০২৫ সালের ডিসেম্বরে দ্বিতীয় আরেকটি মামলায় ওয়ানএমডিবি থেকে প্রায় ২৩০ কোটি রিঙ্গিত (৫৬ কোটি ৯০ লাখ ডলার) আত্মসাতের দায়ে নাজিবকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে ওই রায়ের বিরুদ্ধে আপিল করছেন তিনি। ২০২৮ সালের আগস্টে তার গৃহবন্দি থাকার মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে, এরপর তাকে দ্বিতীয় মামলার সাজা ভোগ করতে হবে।





