ব্রাজিলের বিপক্ষে শেষ ষোলোর মহরণ মাঠে গড়ানোর আগে বাস্তবতাকে মেনে নিচ্ছেন নরওয়ের কোচ স্টেল সোলবাকেন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা কাগজে-কলমে ফেবারিট হলেও ব্রাজিলকে তাঁর দল ভয় পাচ্ছে না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।
নিউজার্সিতে রোববার বাংলাদেশ সময় রাত ২টায় কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই দল। সোলবাকেন বিশ্বাস করেন, নিজেদের শতভাগ উজাড় করে খেলতে পারলে ব্রাজিলকে হারিয়ে বড় চমক দেখানো সম্ভব।
ম্যাচে ব্রাজিলের আক্রমণভাগের বৈচিত্র্য এবং কার্লো আনচেলত্তির কৌশলকে নরওয়ের জন্য প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কোচ। এছাড়া আর্লিং হলান্ড ও গাব্রিয়েল মাগালায়েসের ব্যক্তিগত দ্বৈরথ নিয়ে আলোচনা থাকলেও, সোলবাকেন এটিকে মূলত দলগত লড়াই হিসেবেই দেখছেন।
অতীতে ব্রাজিল কখনোই নরওয়েকে হারাতে পারেনি, সেই ইতিহাসকে সঙ্গী করে মাঠে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে নরওয়ে।





