যুদ্ধ বিরত চুক্তির মেয়াদ বাড়তে পারে: ট্রাম্প

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনুরোধে আগামী সপ্তাহে হোয়াইট হাউসে তাঁর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প স্বভাবসুলভ ভঙ্গিতে বলেন, ‘আমাদের সম্পর্ক খুব ভালো এবং নেতানিয়াহু জানেন আসল বস কে।’ গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসের ‘সিচুয়েশন রুমে’ ইরানের বিরুদ্ধে যৌথ যুদ্ধ শুরুর পরিকল্পনা নিয়ে নাটকীয় বৈঠকের পর এটিই হতে যাচ্ছে দুই নেতার প্রথম মুখোমুখি সাক্ষাৎ। তবে ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টাদের মতে, নেতানিয়াহু প্রায় সব বিষয়েই ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন।

সম্প্রতি লেবাননে ইসরাইলের সামরিক তৎপরতা বৃদ্ধি এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে দুই নেতার সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। এমনকি ট্রাম্প ইরানের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে নতুন পরমাণু চুক্তি স্বাক্ষর করায় এবং দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের চাপ দেওয়ায় নেতানিয়াহুর ওপর ক্ষোভও ঝেড়েছিলেন।

আগামী অক্টোবরে ইসরাইলের সাধারণ নির্বাচন থাকায় জনমত জরিপে পিছিয়ে পড়া নেতানিয়াহুর জন্য এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে, মার্কিন ও ইসরাইলি যৌথ অভিযানে নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির জানাজায় ইরানিদের কাঁদতে দেখে বিস্ময় প্রকাশ করে ট্রাম্প মন্তব্য করেছেন, ‘আমি ভাবতাম মানুষ তাকে ঘৃণা করে, হতে পারে এগুলো ভুয়া কান্না।’