কিংবদন্তি পাণ্ডবাণী শিল্পী তীজন বাঈ আর নেই

ভারতের প্রখ্যাত লোকশিল্পী ও পাণ্ডবাণী ধারার অন্যতম শ্রেষ্ঠ শিল্পী তীজন বাঈ আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোববার (৫ জুলাই) রায়পুরের এইমস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

তীজন বাঈয়ের প্রয়াণে ভারতের শিল্প-সংস্কৃতি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোকবার্তায় বলেন, তীজন বাঈ তাঁর অসাধারণ পরিবেশনার মাধ্যমে ছত্তিশগড়ের লোকঐতিহ্যকে বিশ্বদরবারে পৌঁছে দিয়েছেন। তাঁর মৃত্যু ভারতীয় সংস্কৃতির জন্য অপূরণীয় ক্ষতি।

ছত্তিশগড়ের দুর্গ জেলার গনিয়ারি গ্রামে জন্ম নেওয়া তীজন বাঈ অল্প বয়সেই পাণ্ডবাণী পরিবেশন শুরু করেন। সমাজের প্রচলিত রীতিনীতি ভেঙে তিনি নারীদের জন্য অপ্রচলিত ‘কাপালিক’ শৈলীতে মহাভারতের কাহিনি পরিবেশন করে নতুন ইতিহাস গড়েন। তাঁর শক্তিশালী কণ্ঠ, নাটকীয় উপস্থাপনা এবং অভিনয়ভঙ্গি পাণ্ডবাণীকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দেয়।

শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্মবিভূষণসহ ভারতের একাধিক মর্যাদাপূর্ণ সম্মানে ভূষিত হন। এছাড়া জাপানের ফুকুওকা পুরস্কারও অর্জন করেন তিনি। তাঁর মৃত্যুতে ভারতীয় লোকসংস্কৃতি এক উজ্জ্বল নক্ষত্রকে হারাল।