দক্ষিণ ভারতের কিংবদন্তি প্লেব্যাক শিল্পী এস জানকী আর নেই। বয়সজনিত শারীরিক জটিলতায় শনিবার (১১ জুলাই) ভারতের মহীশূরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তার প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র ও সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
সিস্তলা শ্রীরামমূর্তি জানকী, যিনি এস জানকী নামে পরিচিত, ১৯৩৮ সালের ২৩ এপ্রিল ভারতের অন্ধ্র প্রদেশের গুন্টুরে জন্মগ্রহণ করেন। মাত্র নয় বছর বয়সে মঞ্চে গান গাওয়ার মাধ্যমে তার সংগীতজীবনের শুরু হয়।
১৯৫৭ সালে তেলুগু চলচ্চিত্র ‘এমএলএ’-এর ‘নী আশা আদিয়াসা’ গান দিয়ে প্লেব্যাক শিল্পী হিসেবে যাত্রা শুরু করেন তিনি। এরপর তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়, হিন্দিসহ প্রায় ২০টি ভাষায় গান গেয়েছেন এই কিংবদন্তি শিল্পী।
দীর্ঘ সংগীতজীবনে ৪০ হাজারের বেশি গান রেকর্ড করেছেন এস জানকী। তার কণ্ঠে অসংখ্য গান জনপ্রিয়তা পেয়েছে। সুরকার ইলাইয়ারাজার সঙ্গে তার গাওয়া বহু গান আজও শ্রোতাদের কাছে বিশেষভাবে সমাদৃত।
সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং বিভিন্ন রাজ্যের ৩৩টি চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
২০১৩ সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করতে চাইলে তিনি তা গ্রহণ করেননি। সম্মানটি অনেক দেরিতে দেওয়া হয়েছে বলে সে সময় তিনি মন্তব্য করেছিলেন।
জীবনের শেষ কয়েক বছর তিনি জনসমক্ষে খুব একটা আসেননি। তবে তার দীর্ঘ সংগীতজীবন ও অসামান্য অবদান ভারতীয় সংগীতপ্রেমীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।





