ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিদলের বৈঠক

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদির আমন্ত্রণে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বুধবার (১৫ জুলাই) ইরান দূতাবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতি, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উভয়পক্ষের মধ্যে অত্যন্ত আন্তরিক পরিবেশে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিদল দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-এর পক্ষ থেকে সাম্প্রতিক সংঘাতে ক্ষতিগ্রস্ত ইরানের সরকার ও সাধারণ জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে তারা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। প্রতিনিধিদলের পক্ষ থেকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং ইরানে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জোরালো প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সৌজন্য সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ের পাশাপাশি বাংলাদেশ ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, সরাসরি বিমান যোগাযোগ চালু করা, ব্যবসা-বাণিজ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ইরানের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। উভয়পক্ষই বাংলাদেশ ও ইরানের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আগামীতে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে।

গুরুত্বপূর্ণ এই বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত আলহাজ গোলাম মসীহ। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইমতিয়াজ আহমেদ সজল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্যসচিব ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাজন সিকদার।