রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ডিএমপির বিভিন্ন থানায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২৬ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩১ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৬৩ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪১ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫২ জন, মিরপুর বিভাগ কর্তৃক ৯৯ জন, গুলশান বিভাগ কর্তৃক ৫৫ জন, উত্তরা বিভাগ ৫৬ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ৫ জন ও সিটিটিসি কর্তৃক ৮ জনকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের হেফাজত হতে ৫৫ কেজি ৪৩০ গ্রাম গাঁজা, ৩.৪ গ্রাম হেরোইন, ৫৫০ বোতল এস্কাফ, ২০ লিটার দেশীয় মদ, একটি সাউন্ড বক্স, একটি কাটিং প্লাইয়ার্স, একটি প্লাস্টিকের কাঁচি, একটি কলকি, ২২টি মোবাইল ফোন, একটি মাইক্রোবাস, একটি প্রাইভেটকার, একটি পরিমাপক যন্ত্র, ২৪টি সিম কার্ড, ১৭ হাজার ৮০০ টাকা ও দুইইজন ভিকটিমকে উদ্ধার করা হয়।





