জুলাই শহীদ দিবসে স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম মহানগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলমের নেতৃত্বে জেলা পুলিশের একটি প্রতিনিধি দল স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এ সময় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আদর্শ দেশপ্রেম, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

এ সময় দেশের শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয়ও পুনর্ব্যক্ত করেন চট্টগ্রাম জেলা পুলিশের সদস্যরা।