সেমিতে হারলেও টুখেলেই আস্থা

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পরও ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের প্রধান কোচ থমাস টুখেলের ওপর পূর্ণ আস্থা বজায় রাখছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। গত বুধবার সেমিফাইনালের ম্যাচে ১-০ গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের নাটকীয়তায় ২-১ ব্যবধানে হেরে ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো ফাইনালে ওঠার স্বপ্ন ভঙ্গ হয় ইংল্যান্ডের।

ম্যাচে টুখেলের খেলোয়াড় পরিবর্তন বা ট্যাকটিকস নিয়ে সমালোচনা উঠলেও ২০২৮ সালের ইউরো কাপ পর্যন্ত তাকেই দলের দায়িত্বে রাখা হচ্ছে বলে নিশ্চিত করেছে এফএ।

ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় টুখেল জানান, হারের পর ভবিষ্যৎ নিয়ে ভাবা কঠিন হলেও ২০২৮ সালে নিজেদের মাটিতে হতে যাওয়া ইউরো কাপ পর্যন্ত চুক্তি অনুযায়ী তিনি দলের সঙ্গেই থাকছেন। অনেক বড় বড় পরাশক্তি সেমিফাইনালের আগেই বিদায় নিয়েছে উল্লেখ করে শেষ চারে পৌঁছানোকে দলের একটি বড় অর্জন হিসেবে দেখছেন তিনি। যদিও বিদায়ের এই মুহূর্তে প্রতিযোগিতা ও প্রত্যাশার চাপের কারণে এমন অর্জন সান্ত্বনা দিতে পারছে না বলেও স্বীকার করেন টুখেল।

২০২৫ সালের জানুয়ারিতে ১৮ মাসের চুক্তিতে দায়িত্ব নেওয়া টুখেলের মেয়াদ গত ফেব্রুয়ারি মাসেই আরও দুই বছরের জন্য বাড়িয়েছিল এফএ।

ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী মার্ক বুলিংহাম এই হারে দুঃখ প্রকাশ করে বলেন, ফাইনালের এত কাছে এসে এভাবে ছিটকে যাওয়াটা সত্যিই হৃদয়বিদারক। খেলোয়াড়েরা এবং থমাস (টুখেল) আজ তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে। পুরো টুর্নামেন্টে স্কোয়াডের সবাই, কোচ ও স্টাফরা এর চেয়ে বেশি পরিশ্রম আর করতে পারত না। আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই—সেইসঙ্গে আমেরিকা ও দেশের মাটিতে থাকা আমাদের চমৎকার সমর্থকদেরও জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

আগামী শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে ইংল্যান্ড, যেখানে জয় পেলে ১৯৬৬ সালের পর বিশ্বকাপে এটিই হবে দলটির সেরা পারফরম্যান্স। সেমিফাইনাল থেকে বিদায় নিলেও সামগ্রিকভাবে টুখেলের অধীনে ইংল্যান্ডের এই অগ্রগতিকে ইতিবাচক হিসেবেই দেখছে দেশের ফুটবল সংশ্লিষ্টরা।

সূত্র: বিবিসি