ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে মাঠেই মেজাজ হারালেন ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার জুড বেলিংহাম। ম্যাচ শেষের বাঁশি বাজার পর আর্জেন্টিনার তরুণ ডিফেন্ডার ভ্যালেন্টিন বারকোর মাথায় চড় মেরে বসেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার।
টুর্নামেন্ট জুড়ে ইংল্যান্ডের অন্যতম সেরা পারফর্মার বেলিংহামের এমন আচরণ নিয়ে এখন ফুটবল বিশ্বে তুমুল শোরগোল চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ম্যাচ হেরে যখন বেলিংহাম মাঠের একপাশে একা দাঁড়িয়ে ছিলেন, তখন সেখানে উদযাপন করতে আসেন বারকো। এ সময় বারকো ইংল্যান্ড শিবির ও বেলিংহামকে উদ্দেশ্য করে কোনো একটি মন্তব্য করেন। আর তাতেই ক্ষিপ্ত হয়ে বারকোর মাথায় আঘাত করেন বেলিংহাম। জবাবে বারকোও তাকে ধাক্কা দেন। তবে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আগেই অন্য খেলোয়াড়রা এসে দুজনকে সরিয়ে নেন।
বুধবারের এই হাইভোল্টেজ সেমিফাইনালে একপর্যায়ে জয়ের সুবাস পাচ্ছিল ইংল্যান্ডই। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে লিয়োনেল মেসির জাদুকরি দুটি অ্যাসিস্টে ৭ মিনিটের ব্যবধানে এনজো ফার্নান্দেজ এবং লাউতারো মার্তিনেস গোল করে আর্জেন্টিনার নাটকীয় জয় নিশ্চিত করেন। এমন হৃদয়বিদারক হারের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বেলিংহাম জানান, দিনটি তাদের জন্য অত্যন্ত দুঃখের এবং তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেও সফল হতে পারেননি।
এদিকে হারের পর রক্ষণাত্মক কৌশলের জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। তবে নিজের সিদ্ধান্তকে ডিফেন্ড করে টুখেল জানান, দলের রক্ষণভাগকে সামাল দেওয়ার জন্যই তিনি সেই মুহূর্তে কৌশল পরিবর্তন করেছিলেন। সেমিফাইনালে হেরে বিদায় নিলেও ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান এখনই শেষ হচ্ছে না; আগামী শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে তারা।





