ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে অমিত শাহ, ‘চিকেনস নেক’ নিরাপত্তায় বৈঠক

পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে এসে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শন করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ সময় সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা নিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

শুক্রবার (১৭ জুলাই) রাতে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান অমিত শাহ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীসহ কেন্দ্র ও রাজ্য সরকারের কর্মকর্তারা।

বিমানবন্দর থেকে সরাসরি বিএসএফের কদমতলা ক্যাম্পে যান তিনি। শনিবার (১৮ জুলাই) সকালে শিলিগুড়ির জুমাগাছে বিএসএফের ১৮তম ব্যাটালিয়নের সীমান্ত চৌকি পরিদর্শন করেন অমিত শাহ। পরে ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্ত ঘুরে দেখেন এবং বিএসএফ সদস্যদের সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

বৈঠকে অবৈধ অনুপ্রবেশ, ভুয়া ভারতীয় পরিচয়পত্র, গবাদি পশু ও মানব পাচার, সীমান্ত নজরদারি এবং শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। এ সময় আধুনিক প্রযুক্তির মাধ্যমে সীমান্ত নজরদারি আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

উত্তরকন্যা সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিএসএফের মহাপরিচালক প্রবীণ কুমার, রাজ্য পুলিশের শীর্ষ কর্মকর্তাসহ সীমান্তবর্তী জেলার প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর যোগাযোগের গুরুত্বপূর্ণ পথ শিলিগুড়ি করিডোর বা ‘চিকেনস নেক’। প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ এই করিডোর চীন, বাংলাদেশ, ভুটান ও নেপাল সীমান্তের কাছাকাছি হওয়ায় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।

সফরের সময় অমিত শাহ ৭৭ কোটি রুপির বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শনিবার রাতে তিনি কলকাতায় ফিরে যান।