বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও মার্কিন সেনাবাহিনীর বার্ষিক যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২০২৬’।
রোববার (১৯ জুলাই) থেকে শুরু হচ্ছে। দ্বিপক্ষীয় কৌশলগত সহযোগিতার অংশ হিসেবে আয়োজিত এবারের মহড়ায় দুই দেশের ১৬০ জনেরও বেশি সামরিক সদস্য অংশ নিচ্ছেন।
ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, এই যৌথ মহড়ার মূল লক্ষ্য হলো দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক জোরদার করা, সামরিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং বাস্তব পরিস্থিতিতে যৌথভাবে অভিযান পরিচালনার সক্ষমতা বা আন্তঃকার্যক্ষমতা বাড়ানো। এটি ইউএস আর্মি প্যাসিফিকের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান এবং নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির একটি অন্যতম অংশ।
এবারের মহড়ায় জঙ্গলাঞ্চলে বিশেষ অভিযান, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং কৌশলগত যুদ্ধক্ষেত্রে আহতদের জরুরি চিকিৎসা (ট্যাকটিক্যাল কমব্যাট ক্যাজুয়ালটি কেয়ার) বিষয়ক নিবিড় প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। এর মাধ্যমে উভয় দেশের সামরিক সদস্যরা একে অপরের অভিজ্ঞতা ও রণকৌশলগত দক্ষতা বিনিময়ের সুযোগ পাবেন।
উল্লেখ্য, ২০১৭ সালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ প্রথম শুরু হয়। মাঝখানে করোনা মহামারির কারণে সাময়িক স্থগিত থাকলেও পরবর্তীতে গত পাঁচ বছর ধরে এটি ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে।
এবারের আসরটি শ্রেণিকক্ষ ও মাঠপর্যায়—উভয় পরিবেশেই পরিচালিত হবে এবং সমাপনী পর্বে থাকবে একটি পূর্ণাঙ্গ ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ বা মাঠপর্যায়ের ব্যবহারিক যুদ্ধ প্রশিক্ষণ।





