ট্রাম্পের স্বাক্ষর মূল্যহীন যুক্তরাষ্ট্রকে অবিস্মরণীয় শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি মোজতবার

যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, মার্কিন হামলা অব্যাহত থাকলে ইরানি জাতি ও ‘প্রতিরোধ অক্ষ’ ওয়াশিংটনকে এমন অবিস্মরণীয় শিক্ষা দেবে যা তারা কখনো ভুলবে না। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরকে ‘সম্পূর্ণ মূল্যহীন, অবৈধ ও বিশ্বাসযোগ্যতাহীন’ বলে আখ্যায়িত করেছেন তিনি।

আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স ও আশারক আল-আওসাতের প্রতিবেদন অনুযায়ী, গতকাল শনিবার এক লিখিত বিবৃতিতে খামেনি জানান, প্রায় এক মাস আগে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বারবার লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে যে ট্রাম্পের স্বাক্ষরের কোনো মূল্য নেই। যুদ্ধ শুরুর পর থেকে জনসমক্ষে না আসা খামেনির এই বিবৃতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করে শোনানো হয়। এর আগে গতকালই ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি জানান, ওয়াশিংটন প্রতিশ্রুতি ভঙ্গ করায় তেহরানও অন্তর্বর্তী চুক্তির অঙ্গীকার স্থগিত করছে।

গত সপ্তাহে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে ওয়াশিংটন ও তেহরান একে অপরের ওপর পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শনিবার ভোরে জানায়, টানা সপ্তম রাতের মতো তারা ইরানের নজরদারি কেন্দ্র, সামরিক অবকাঠামো ও ভূগর্ভস্থ অস্ত্রভান্ডার লক্ষ্য করে আঘাত হেনেছে।

অন্যদিকে, শনিবার ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কুয়েতে। দেশটির একটি তেল স্থাপনা ও পানি লবণমুক্তকরণ (ডিস্যালিনেশন) কেন্দ্রে হামলার পর আগুন লেগে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে কুয়েত সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এছাড়া ইরাক ও জর্ডানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে এবং বাহরাইনে দিনভর বিমান হামলার সতর্কতাসূচক সাইরেন বেজে উঠেছে।