বাউল ও লোকসংগীত বাংলা সংস্কৃতির অন্যতম একটি অনুসঙ্গ। কিন্তু দূর প্রবাসে থাকা বাংলাদেশিদের পক্ষে এসব দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া এবং লালনের সুযোগ হয় না বললেই চলে। সেই চিন্তা থেকে যুক্তরাজ্যের স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক বাউল ও ফোক কালচার ফেস্টিভ্যাল-২০২৬।
গত ১৫ জুলাই ঐতিহ্যবাহী দ্য ডিন হল-এ আয়োজিত এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রখ্যাত বাউল শিল্পী শফি মন্ডল, অধ্যাপক তারেক রেজা, অধ্যাপক এম.ডি. জাহিদুল কবির, জোহরা হোসেন জেমি ও দলি মন্ডল।
ব্যাতিক্রম এই আয়োজনে অংশ নিয়ে বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতিতে মেতে ওঠেন স্কটল্যান্ডে বসবাসকারী বাংলাদেশিরা। বাউল ও লোকসংগীত পরিবেশনার মধ্য দিয়ে উৎসবটি পরিণত হয় প্রবাসে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের মিলনমেলায়।
শাহা ইমদাদুল হকের আয়োজনে সরদার হিরোক রাজের পরিচালনা এবং জুবায়েদ হোসাইনের সঞ্চালনায় এই বাউল উৎসবে প্রধান অতিথি ছিলেন ম্যানচেস্টারে বাংলাদেশের সহকারী হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি এবং চ্যান্সারি প্রধান সাব্বির আহমেদ। এতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আলমগীর কবির, মোয়াজ্জেম হোসেন, আবদুর রহিম জাকির, আফিফা খানম, সৈয়দ মাসুম হাসান, আজিম উদ্দিন আহমেদ, নন্দন বড়ুয়া, আশিকুর রহমান, সেলিম রাজা প্রমুখ।





