রোনালদোর বাজি স্পেন, আর্জেন্টিনায় মুগ্ধ রোনালদিনহো

বিশ্বকাপের ফাইনালকে ঘিরে উত্তেজনা যখন তুঙ্গে, তখন ফুটবল বিশ্বের দুই ব্রাজিলিয়ান কিংবদন্তি জানিয়ে দিলেন দুই ভিন্ন বার্তা! একজনের বিশ্বাস, স্পেন অনায়াসেই শিরোপা জিতবে। অন্যজন মুগ্ধ আর্জেন্টিনার লড়াইয়ের মানসিকতা ও লিওনেল মেসির নেতৃত্বে। ব্রাজিলের সাবেক দুই তারকা রোনালদো নাজারিও ও রোনালদিনহোর মন্তব্যে যেন ফুটে উঠেছে ফাইনালের দুই ভিন্ন দর্শন-সংগঠিত ফুটবল নাকি অদম্য লড়াই।

রোনালদো নাজারিওর চোখে এবারের বিশ্বকাপের সবচেয়ে পরিপূর্ণ দল স্পেন। তার মতে, শুরু থেকেই স্পেন এবং ফ্রান্স ছিল শিরোপার সবচেয়ে বড় দাবিদার। তাই ফাইনালেও লুইস দে লা ফুয়েন্তের দলই এগিয়ে থাকবে। এমনকি আর্জেন্টিনাকে তারা সহজেই হারাতে পারবে বলেও বিশ্বাস ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকারের।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-কে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, স্পেনের শক্তি শুধু বর্তমান দল নয়, তাদের ফুটবল সংস্কৃতিতে। ছোটবেলা থেকেই একই দর্শনে বেড়ে ওঠা ফুটবলাররা জানে কখন কী করতে হবে। তার দাবি এই খেলার ধরণ স্পেনের ডিএনএর অংশ, যা বছরের পর বছর ধরে গড়ে উঠেছে।

তবে স্পেনকে এগিয়ে রাখলেও আর্জেন্টিনার যাত্রাকে ছোট করে দেখেননি তিনি। বিশেষ করে সেমিফাইনালে শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তন এবং প্রতিকূল পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর মানসিকতার ভূয়সী প্রশংসা করেছেন রোনালদো। তাঁর মতে, স্কালোনির দল কখনো হাল ছাড়ে না। কিন্তু শেষ পর্যন্ত সংগঠিত ফুটবল, কৌশলগত শৃঙ্খলা এবং ম্যাচ নিয়ন্ত্রণের সক্ষমতায় স্পেনই এগিয়ে।

অন্যদিকে রোনালদিনহোর দৃষ্টি ছিল আর্জেন্টিনার দিকে। চিরপ্রতিদ্বন্দ্বী দেশের দল হলেও আলবিসেলেস্তেদের খেলায় তিনি খুঁজে পেয়েছেন সেই আবেগ, যা ফুটবলকে সুন্দর করে তোলে। তাঁর মতে, প্রতিটি ম্যাচে আর্জেন্টিনার ফুটবলারদের নিবেদন, পরিশ্রম ও লড়াইয়ের মানসিকতা আলাদা করে চোখে পড়ে।

রোনালদিনহো বলেন, আর্জেন্টিনা বরাবরই হৃদয় দিয়ে খেলা একটি দল। সেই পরিচয় এবারও তারা ধরে রেখেছে। আর সেই দলের সবচেয়ে বড় শক্তি লিওনেল মেসি, যিনি কঠিন মুহূর্তে একাই ম্যাচের চিত্র বদলে দিতে পারেন।

শুধু মেসির প্রতিভাই নয়, সতীর্থদের নিঃস্বার্থ মানসিকতাও মুগ্ধ করেছে সাবেক বার্সেলোনা তারকাকে। তার মতে, পুরো দল জানে কখন মেসির হাতে বল তুলে দিতে হবে, কারণ তারা বিশ্বাস করে-একটি মুহূর্তেই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন আর্জেন্টাইন অধিনায়ক। এই পারস্পরিক আস্থা ও ঐক্যই আর্জেন্টিনাকে বিশেষ একটি দলে পরিণত করেছে।

রোনালদিনহোর এমন মন্তব্যে ব্যক্তিগত আবেগও রয়েছে। বার্সেলোনায় একসঙ্গে চার মৌসুম খেলেছেন তিনি ও মেসি। মূল দলে অভিষেকের সময় মেসির সবচেয়ে বড় অনুপ্রেরণাদের একজন ছিলেন রোনালদিনহো। সেই সম্পর্ক আজও অটুট। তাই বিশ্বকাপের তৃতীয় ফাইনাল খেলতে নামার আগে সাবেক সতীর্থের এমন প্রশংসা মেসির জন্য বাড়তি প্রেরণা হয়ে উঠতেই পারে।

নিউজার্সির মঞ্চে আজ যে সময় স্পেন ও আর্জেন্টিনা শিরোপার জন্য লড়বে, তখন মাঠের বাইরে আরেকটি লড়াই চলবে দর্শনের। একদিকে স্পেনের শৃঙ্খলাবদ্ধ, পরিকল্পিত ও দখলভিত্তিক ফুটবল; অন্যদিকে আর্জেন্টিনার অদম্য লড়াই, আবেগ ও মেসির জাদু। আর এই দুই পথের দুই সমর্থক হয়ে দাঁড়িয়ে আছেন ব্রাজিলের দুই কিংবদন্তি-রোনালদো নাজারিও ও রোনালদিনহো। শেষ পর্যন্ত কার বিশ্বাস সত্যি হবে, তার উত্তর মিলবে ফাইনালের শেষ বাঁশিতে!