নেত্রকোনায় পাহাড়ি ঢলে একাধিক গ্রাম প্লাবিত, রাস্তা-নদীর পাড়ে ক্ষয়ক্ষতি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি, খারনৈ ও নাজিরপুর ইউনিয়নের একাধিক গ্রাম পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়েছে। গত রাতের পাহাড়ি ঢলের তীব্র স্রোতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে নদীর পাড় ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

সোমবার (২০ জুলাই) সকালে সরেজমিনে দেখা যায়, খারনৈ ইউনিয়নের উত্তর রালীগাঁও, নয়াপাড়া ও শ্রীপুর এবং নাজিরপুর ইউনিয়নের পূর্ব নলছাপ্রা ও পূর্ব ভেলুয়াতলী গ্রামের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে রয়েছে। অনেক সড়ক পানির নিচে থাকায় স্থানীয়দের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

এদিকে খারনৈ ইউনিয়নের গজারমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়েও পাহাড়ি ঢলের তীব্র আঘাতে ক্ষয়ক্ষতি হয়েছে। গত রাতে প্রবল স্রোতে বিদ্যালয়ের সীমানা দেয়ালের একটি অংশ ভেঙে পড়ে। এছাড়া অফিস কক্ষসহ বিদ্যালয় ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার সকালেও বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পানিতে তলিয়ে থাকতে দেখা গেছে।

স্থানীয়রা জানান, সোমবার নতুন করে ভারী বৃষ্টি না হলে জমে থাকা পানি নামতে অন্তত ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগতে পারে।

এদিকে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সোমবার (২০ জুলাই) সকাল ৯টার রিপোর্ট অনুযায়ী কলমাকান্দা পয়েন্টে উব্দাখালী নদীর পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।