কেন জনসমক্ষে হাসেন না আরিয়ান?

বলিউড সুপারস্টার শাহরুখ খান-পুত্র আরিয়ান খানকে জনসমক্ষে খুব কমই হাসতে দেখা যায়। এ নিয়ে দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও জল্পনা চলে আসছে। এবার সেই বিষয়েই মুখ খুললেন অভিনেতা ও নৃত্যশিল্পী রাঘব জুয়াল, যিনি আরিয়ানের পরিচালিত ওয়েব সিরিজে কাজ করতে গিয়ে তাঁর ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাঘব জানান, ক্যামেরার সামনে হাসতে আরিয়ান স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তাঁর ভাষায়, জনসমক্ষে আরিয়ান ইচ্ছাকৃতভাবে নিজেকে বদলে উপস্থাপন করতে চান না। বরং তিনি নিজের স্বাভাবিক ব্যক্তিত্ব নিয়েই থাকতে পছন্দ করেন। রাঘব বলেন, আরিয়ান অত্যন্ত সৃজনশীল, বিনয়ী ও দয়ালু একজন মানুষ, যার মধ্যে কোনো ধরনের কৃত্রিমতা নেই।

আরিয়ানের ব্যক্তিগত জীবন সম্পর্কে রাঘব জানান, বাস্তবে তিনি একেবারেই ভিন্ন স্বভাবের। বন্ধুদের সঙ্গে আড্ডা, হাসি-ঠাট্টা এবং আনন্দঘন মুহূর্তে তিনি বেশ প্রাণবন্ত থাকেন। তবে ক্যামেরা বা জনসমক্ষে এলেই কিছুটা গম্ভীর হয়ে যান। রাঘবের দাবি, ক্যামেরার সামনে হাসতে আরিয়ানের এক ধরনের অস্বস্তি বা সংকোচ কাজ করে। তাই তিনি সচরাচর হাসিমুখে ধরা দেন না।

রাঘব আরও বলেন, ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সময় আরিয়ানের মধ্যে শিশুসুলভ সরলতা ও আন্তরিকতা স্পষ্টভাবে ফুটে ওঠে। তাঁর মতে, জনসমক্ষে যে গম্ভীর চেহারা দেখা যায়, সেটিই আরিয়ানের সম্পূর্ণ ব্যক্তিত্ব নয়।

উল্লেখ্য, সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি ব্যক্তিগত অনুষ্ঠানে রাঘব জুয়ালের আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন আরিয়ান খান এবং অভিনেতা ববি দেওল। সেই অনুষ্ঠানে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আরিয়ানের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই তাঁর ব্যক্তিগত স্বভাবের আরেকটি দিক তুলে ধরে।