পর্তুগালের রাজধানী লিসবনে এবার জমতে যাচ্ছে বাংলাদেশি সংস্কৃতির বড় আয়োজন। আর সেই মঞ্চে একসঙ্গে দেখা যাবে নগর বাউলখ্যাত রকস্টার জেমস ও ঢালিউড অভিনেতা জায়েদ খানকে। আগামী ২৬ জুলাই ‘বাংলা লাইভ’ কনসার্টে প্রবাসী বাংলাদেশিদের মাতাতে হাজির হবেন এই দুই তারকা।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জায়েদ খান। সেখান থেকেই বিশ্বের বিভিন্ন দেশে নিয়মিত শো করছেন তিনি। তবে এবারই প্রথম পারফর্ম করতে যাচ্ছেন পর্তুগালে, যে দেশটি বিশ্বজুড়ে পরিচিত ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য।
প্রথমবার রোনালদোর দেশে পারফর্ম করতে যাওয়ায় দারুণ উচ্ছ্বসিত জায়েদ খান। তিনি জানান, লিসবনে প্রবাসী বাংলাদেশিদের সামনে দেশের সংস্কৃতি তুলে ধরতে মুখিয়ে আছেন। তাদের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগও তাকে আনন্দ দিচ্ছে।
লিসবনের লিসবোয়া ইউ ভিভো ভেন্যুতে বিকেল ৫টা থেকে শুরু হবে কনসার্ট। জেমস গাইবেন তার জনপ্রিয় ও কালজয়ী সব গান, আর একই মঞ্চে দর্শকদের জন্য বিশেষ পারফরম্যান্স নিয়ে হাজির হবেন জায়েদ খান। ইতোমধ্যেই এই আয়োজন ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস।





